ড্র ম্যাচে চেলসির অস্কারপ্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরিনের ‘ওল্ড লেডিদের’ দলে ‘বুড়ো’ খেলোয়াড় আছেন বেশ কজনই। বুফন, পিরলোদের খেলোয়াড়ি জীবন এখন অস্তাচলেই। একদিকে বুফন, পিরলো, কিয়েল্লিনিদের মতো অভিজ্ঞরা; অন্যদিকে হ্যাজার্ড, অস্কারদের মতো উদীয়মানরা। কিন্তু শ্রেষ্ঠত্বের মীমাংসা টানতে পারল না স্ট্যামফোর্ড ব্রিজ। পরশু চেলসি-জুভেন্টাসের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। গত মৌসুমের রূপকথার জন্ম দিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা চেলসি এবার মাঠে নেমেছিল জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়েই। রবার্তো ডি মাত্তেও ঘরের মাঠে তুরুপের সবগুলো তাসই খেলেছেন। বিস্ময় বলতে ছিল একটা সিদ্ধান্ত, নবাগত অস্কার প্রথম একাদশে! কোচের আস্থার প্রতিদান কী দারুণভাবেই না দিলেন এই ব্রাজিলিয়ান তরুণ মিডফিল্ডার। ৩১ মিনিটে গোলটা অবশ্য খানিকটা কপালজোরেই পেয়ে যান অস্কার। তাঁর শট বোনুচ্চির গায়ে লেগে দিকবদল না করলে বুফন ঠেকিয়েও দিতে পারতেন। কিন্তু দুই মিনিট পরেই দেখালেন কেন তাঁকে আড়াই কোটি পাউন্ডে কিনেছে চেলসি। বক্সের ঠিক বাইরে বলটা ধরেই মুহূর্তের মধ্যে নিলেন দুর্দান্ত এক বাঁকানো শট। ফল অনুমিতই, বুফনের মতো পোড়-খাওয়া প্রহরীরও কিছু করার ছিল না। তখন মনে হচ্ছিল, বিয়াঙ্কোনেরিদের জন্য লজ্জার রাতই হয়তো অপেক্ষা করছে। কিন্তু বিরতির আগেই চিলি মিডফিল্ডার আর্তুরো ভিদালের গোলে ম্যাচে ফেরে জুভেন্টাস। নাটকের তখনো বাকি ছিল। বদলি হিসেবে কোয়ালারেল্লা নামার পরেই ম্যাচের মোড় যেন ঘুরে যায়। মার্কিসিওর থ্রু ধরে সমতায় ফেরান দলকে। শেষদিকে তাঁরই আরেকটি শট ক্রসবারে চুমু না খেলে চেলসিকে রিক্ত হাতেই মাঠ ছাড়তে হতো। এগিয়ে গিয়েও পয়েন্ট খোয়ানোয় মাত্তেও কিছুটা হতাশই, ‘আমরা কিছুটা আশাহত। আমরা এগিয়ে ছিলাম, কিন্তু ড্র করতে হলো আমাদের।’ তবে অস্কারের প্রশংসা করেছেন, ‘অস্কারের জন্য দারুণ। আমরা তাকে খেলানোর জন্য জুতসই ম্যাচ খুঁজছিলাম। তার দ্বিতীয় গোলটা তো অসাধারণ!’ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠের জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আনন্দের চেয়ে স্বস্তিই পেয়েছে বেশি। গ্যালাতাসারাইকে ১-০ গোলে হারাতেই ঘাম ঝরেছে তিনবারের চ্যাম্পিয়নদের। শুরুতেই মাইকেল ক্যারিক গোল করলেও বাকি সময়টা গোটা দলই ছিল নিষপ্রভ। ফার্গুসনের মুখে হাঁফ ছেড়ে বাঁচার উপলব্ধি, ‘প্রথম ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গত মৌসুমে যা ঘটেছিল তার পর তো বটেই।’ গতবার প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে যায় ইউনাইটেড, এবারও অমন অঘটন তো চাইতে পারে না তিনবারের চ্যাম্পিয়নস লিগজয়ী ইংলিশ পরাশক্তিরা। এএফপি, রয়টার্স।জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখও পরশু জিতেছে ন্যূনতম ব্যবধানে। স্প্যানিশ দল ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ২-১ গোলে। শোয়েনস্টাইগারের ও ক্রুসের গোলে জয়টা নিশ্চিতই হয়ে গিয়েছিল। শেষদিকে অবশ্য নেলসন ভালদেজ গোল করে ভ্যালেন্সিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন। সেটা হয়নি, তবে শেষ মুহূর্তে গোল খাওয়ায় কোচ ইয়াপ হেইঙ্কেস বলছেন, আরও উন্নতি করতে হবে তাদের।এক নজরে দোনেৎস্ক ২: ০ নরশেলান চেলসি ২: ১ জুভেন্টাস লিল ১: ৩ বাতে বরিসভ বায়ার্ন ২: ১ ভ্যালেন্সিয়া বার্সেলোনা ৩: ২ স্পার্তাক মস্কো সেল্টিক ০: ০ বেনফিকা ইউনাইটেড ১: ০ গ্যালাতাসারাই ব্রাগা ০: ২ ক্লুজ জাগরেব ০: ২ পোর্তো