ড্র ম্যাচে তোপের মুখে রেফারি
গোলশূন্য ড্র ম্যাচ শেষ করে রেফারি মিজানুর রহমান পুলিশের পাহারায় যখন মাঠ ছাড়ছেন, মোহামেডানের কয়েকজন সমর্থক তাঁকে থুতু দিলেন খুব কাছ থেকে। বাংলাদেশের ক্লাব ফুটবলে এটা খুব নিয়মিত দৃশ্য। তবে কাল কমলাপুর স্টেডিয়ামে ঢাকা মোহামেডান-আরামবাগ ম্যাচের পর রেফারি ছিলেন দুই দলেরই তোপের মুখে!প্রথমার্ধের শেষ দিকে আরামবাগের অধিনায়ক দ্বীন মোহাম্মদ কনুইয়ের গুঁতো মারেন মোহামেডানের আমানিকে। রেফারি দ্বীন মোহাম্মদকে লালকার্ড দেখাতেই আরামবাগ বিদ্রোহ করে বসল। তারা রেফারিকে তেড়ে গেল মারার জন্য। এ নিয়ে হুলুস্থুল কাণ্ড এবং খেলা বন্ধ নয় মিনিট।যে-ই খেলা শুরু, অমনি দেখা গেল আরামবাগের টেন্ট থেকে তাদের বেয়ারা এবং পরে কর্মকর্তা ছুটে গেলেন সহকারী রেফারি মাহবুবুর রহমানকে মারতে। আরামাগের অভিযোগ, মাহবুব তাদের গালি দিয়েছেন। ঘটনা যা-ই হোক, এ নিয়ে আরেক দফা মাঠে বিশৃঙ্খলা। সবচেয়ে আপত্তিকর দৃশ্য—আরামবাগের ডাগআউট থেকে ম্যাচ চলাকালীন সবাই দেদার মাঠে ঢুকে পড়েছেন। ফুটবল ম্যাচের নিয়মকানুনের তোয়াক্কা কেউ-ই আসলে করছেন না।বিতর্কিত ছিল রেফারিংও। প্রথমার্ধের ইনজুরি সময়টা পুরোপুরি দেননি রেফারি। ৯০ মিনিট পর অতিরিক্ত ছয় মিনিটে সংকেত দিয়েছিলেন চতুর্থ রেফারি, এখানে রেফারি পাঁচ মিনিট দেওয়ায় মোহামেডান ছিল খুবই ক্ষুব্ধ। কোচ শফিকুল ইসলাম তো সরাসরি অভিযোগই করলেন, ‘রেফারি প্রতিশোধ নিয়েছে মোহামেডানের ওপর। লিগের প্রথম পর্বে তার ওপর মোহামেডানের সমর্থকেরা চড়াও হয়েছিল। এবার সেটারই প্রতিশোধ সে নিল।’আর মাঝখান থেকে খেলাটাই উধাও! ১০ জনের আরামবাগের নেতিবাচক ফুটবল, রেফারিকে গালাগাল-তেড়ে যাওয়া, মোহামেডানের গোল করতে ব্যর্থতা—সব মিলিয়ে চোখের জন্য পীড়াদায়ক এক ম্যাচই। যাই হোক, ১৮ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন পঞ্চম স্থানে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া আরামবাগ আছে অষ্টম স্থানে।আজকের খেলা: ব্রাদার্স-চট্টগ্রাম আবাহনী ( ৪টা ১৫ মি, বঙ্গবন্ধু স্টেডিয়াম)। শেখ রাসেল-ফেনী সকার (৪টা, ফেনী স্টেডিয়াম)।