ড্র ম্যাচে দর্শক ছিলেন ক্রুইফও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালময় সন্ধ্যা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই এলেন দুই ডাচ কোচ। ঢাকায় দিনভর স্কুল, হাসপাতাল ঘুরে লোডভিক ডি ক্রুইফ ও রেনে কোস্টারের বাংলাদেশ লিগের ম্যাচ দর্শনে সঙ্গী তাঁদের স্ত্রীরাও।জাতীয় দলের কোচ খেলা দেখছেন বলে স্থানীয় খেলোয়াড়দের বাড়তি একটা চেষ্টা ছিলই, যাতে করে তাঁর মনোযোগ কাড়া যায়। তবে সে রকম ব্যক্তিগত নৈপুণ্য ছিল না কারোরই। বিজেএমসি-ব্রাদার্স ম্যাচে যথারীতি বিদেশিদের দাপট। ১-১ ড্র ম্যাচের গোল দুটিও দুই বিদেশির।১৯ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসলের গোলটা ছিল দেখার মতো। পেছন থেকে একটা লম্বা বল পেয়েছেন কিংসলে। তারপর বিজেএমসির এক ডিফেন্ডারকে কাটিয়ে গড়ানো শটে পরাস্ত করেন বিজেএমসির গোলরক্ষক আমিনুলকে।৩১ মিনিটে সেই গোল শোধ। তকলিচের ডান প্রান্ত থেকে লব, বাঙ্গুরা বক্সের ভেতর থেকে দারুণ ভলিতে সমতা ফেরান ম্যাচে।এই ড্রয়ে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচেই থাকল বিজেএমসি। সমান ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া ব্রাদার্স আছে সাতে।ম্যাচের পর দুই দলে খেলা জাতীয় দলের তিন খেলোয়াড় বিজেএমসির তকলিচ ও কেষ্ট এবং ব্রাদার্সের জামালের সঙ্গে কথা বলেছেন ক্রুইফ। কিছু টিপস দিয়ে যান শিষ্যদের।আজকের খেলা: মোহামেডান-মুক্তিযোদ্ধা, শেখ রাসেল-আরামবাগ (বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।আবার খেলা বন্ধ!আগামীকাল থেকে ঢাকায় আপাতত খেলা বন্ধ থাকছে। বাংলাদেশ গেমসের জন্য ছাড়তে হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। ২৯ এপ্রিল শুরু হবে লিগের শেষ সাতটি ম্যাচ। এই ফাঁকে ১৩ ও ১৯ এপ্রিল ফেনীতে থাকছে দুটি ম্যাচ।দেড় মাস বন্ধ থাকার পর বাংলাদেশ লিগ মাঠে গড়িয়েছে ৬ এপ্রিল। পাঁচ দিন চলার পর আবার বন্ধ হওয়ায় লিগের আকর্ষণ বলতে আর কিছু থাকে! বাফুফের পরিকল্পনাহীনতা তো আছেই, ক্লাবগুলোরও এখন এটা গা সওয়া হয়ে গেছে। সব দেখে বলতেই হচ্ছে, বাংলাদেশ পেশাদার লিগ নয়, বাংলাদেশ বিরতি লিগ চলছে!