ড্র ম্যাচে নেইমারের জয়
কেন তাঁর জন্য চেলসি গত মৌসুম থেকেই উদ্বাহু অপেক্ষায়, কেন তাঁকে দলে টানার লড়াইয়ে চেলসির সঙ্গে যোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা—তারই কিছু ঝলক দেখালেন নেইমার। কোন আত্মবিশ্বাসে লিওনেল মেসিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন—নেইমার ঝলক দেখিয়েছেন তারও। যদিও গতকাল (বাংলাদেশ সময়) পেনারলের বিপক্ষে কোপা লিবার্তাদোরেস ফাইনাল প্রথম লেগে গোল পায়নি সান্তোস। গোল পায়নি প্রথম লেগের স্বাগতিক পেনারলও। তবে গোলশূন্য ড্র ম্যাচে যদি জয় কারও হয়ে থাকে তা নেইমারের ফুটবলীয় নৈপুণ্যের।প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রথম আক্রমণটাই ছিল তাঁর। বক্সের মধ্যে কোনাকুনি দৌড়ে নিচু শট নিয়েছিলেন। কিন্তু খুব একটা জোর ছিল না শটে। প্রস্তুত ছিলেন গোলরক্ষক সেবাস্তিয়ান সোসাও। ফলে নেইমারের শট ডিফেন্ডার আলেকসান্দ্রোকে ফাঁকি দিতে পারলেও সোসাকে ফাঁকি দিতে পারেনি। সান্তোস আরেকটি ভালো সুযোগ পেয়েছিল। স্ট্রাইকার জে এদুয়ার্দোর নেওয়া হেড গোলপোস্টের বারে বাতাস লাগিয়ে চলে যায়।সেন্টেনারিও স্টেডিয়ামের প্রথমার্ধ ছিল পাল্টাপাল্টি আক্রমণে ভরা। ম্যাচে একমাত্র জালে বল ঢোকাতে পেরেছিলেন পেনারলের বদলি স্ট্রাইকার ডিয়েগো আলোনসো। খেলা শেষ হওয়ার মাত্র চার মিনিট বাকি ছিল তখন। কিন্তু পেনারলের গোল উদ্যাপন হতেই দেয়নি রেফারির অফসাইডের বাঁশি। টিভি রিপ্লে অবশ্য দেখিয়েছে, রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল।৬০ হাজার দর্শক এসেছিল ফাইনালটি দেখতে। ছিল খুবই উৎসবমুখর পরিবেশ। আতশবাজির আলোকচ্ছটা। ফিরে এসেছিল যেন ১৯৩০ বিশ্বকাপের আবহও। এই মাঠেই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও উরুগুয়ে। সেবার ব্রাজিল হেরে যাওয়ার হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল বটে, কিন্তু এবার ব্রাজিলের সাও পাওলোর ক্লাব সান্তোস ফিরল স্বস্তি নিয়ে।ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সান্তোসের চেয়ে পেনারলকেই হতাশ মনে হয়েছে বেশি। পেনারল কোচ, ১৯৮৭ সালের কোপা লিবার্তাদোরেস ফাইনালের গোলদাতা ডিয়েগো আগুইরে বলছেন, ‘ফাইনালে ড্র নয় ফলাফলই দেখতে চায় সবাই। তবে শেষ পর্যন্ত ড্রই সই। আমরা কিন্তু পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ধরে রেখেছিলাম। সান্তোসের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। ব্রাজিলে নিজেদের মাঠে (ফিরতি লেগে) ওরা আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু আমরাও পেনারল। ওদের মাঠে গিয়েই আমাদের জিততে হবে।’২২ জুন ফিরতি লেগটা এখন সত্যিকারের ফাইনাল হয়ে গেল। অবশ্য পেনারলের সুবিধা হলো, যেকোনো সংখ্যক গোল নিয়ে ড্র করতে পারলেই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর নিজেদের মাঠে জিতলেই শিরোপা সান্তোসের। দেখা যাক, ১৯৬২ সালে পেলের সান্তোসের মতো এবার নেইমারের সান্তোস আবারও পেনারলকে হতাশ করতে পারে কিনা। প্রায় আধাশতাব্দী পর জিততে পারে কি না, দক্ষিণ আমেরিকার ক্লাব চ্যাম্পিয়নশিপের তৃতীয় ট্রফিটি! রয়টার্স।