ড্র ম্যাচে ‘এ’ দলের ৩ পয়েন্ট
শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে ম্যাচটা। তবে বরোদার বিপক্ষে শাফি দারাশাহ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বরোদা পেয়েছে ১ পয়েন্ট।বেঙ্গালুরুতে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৮৮ রান ছিল বরোদার। কাল শেষ দিনে সেটাকে ৪৭৮-এ নিয়ে অলআউট হয়েছে তারা। ৬৭ রানে অপরাজিত থাকা দেবধর আউট হন ৯১ করে। ‘এ’ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার এনামুল হক ১৩০ রানে নিয়েছেন ৫ উইকেট, ফরহাদ হোসেনের উইকেট ৩টি।দ্বিতীয় ইনিংসে ৩৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ‘এ’ দল খেলা শেষ হওয়ার আগে করতে পেরেছে ৪ উইকেটে ১৮৪ রান। ফিফটি করেছেন ওপেনার ইমরুল কায়েস (৫৯) ও মমিনুল (৫২*)। মমিনুল প্রথম ইনিংসেও ৬৬ রান করেছেন।৩ পয়েন্ট পাওয়ার সুসংবাদের সঙ্গে ভারত সফররত ‘এ’ দলের জন্য আছে একটা দুঃসংবাদও। ভারতে যাওয়ার আগে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন পেসার কাজী কামরুল ইসলাম। এবার চোটে পড়ে দেশে ফিরে আসছেন আরেক পেসার আলাউদ্দিন বাবু।খুলনায় অনুশীলন ম্যাচ খেলার সময় পাওয়া কাঁধের চোটটাই ভারতে গিয়ে বেড়েছে। আজ তাঁর দেশে ফেরার কথা। বাবুর বদলি হিসেবে ‘এ’ দলে যোগ দেবেন মুক্তার আলী। স্ট্যান্ডবাই তালিকায় না থাকলেও মুক্তার সুযোগ পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডবাই তালিকায় থাকা আল আমিনের পিঠের চোটের কারণে।সংক্ষিপ্ত স্কোর: বরোদা: ২০২ ও ৪৭৮ (কেদার ৯১, আম্বাতি ৮৬; শাহাদাত ১৬-১-৬৬-১, রবিউল ১০-১-৫২-১, নাঈম ১১.৪-১-৪৬-০, ডলার ১৩-১-৬৮-০, ফরহাদ ১৯.২-৪-৫৪-৩, মমিনুল ৪-১-২১-০)। বাংলাদেশ ‘এ’: ৩১৪ ও ১৮৪/৫ (ইমরুল ৫৯, শাহরিয়ার ৩২, ফরহাদ ৫, রকিবুল ৬, নাঈম ২৯*, মমিনুল ৫২*; ভাট ২/৮৮, ফিরদাউস ২/১৬)।