‘অসুবিধা নেই...অসুবিধা নেই...ড্র তো হতেই পারে’—মোহামেডানের গোলরক্ষক আমিনুল তাঁর সতীর্থদের যেন সান্ত্বনা দিচ্ছিলেন ম্যাচের পর। গোটা ম্যাচে খুব একটা পরীক্ষা দিতে হয়নি। পোস্টের নিচে দাঁড়িয়ে একরকম দর্শক হয়ে নিজ দলের খেলা দেখেছেন। কিন্তু যেটা দেখতে চেয়েছিলেন, সেই গোলের দেখা মেলেনি। আবাহনীর বিপক্ষে গোলশূন্য স্কোরলাইন বাংলাদেশ লিগের শিরোপা লড়াইয়ে দলকে টিকিয়ে রাখলেও আমিনুলদের হতাশার রাতই ছিল কাল। আমিনুলের প্রতিপক্ষ বিপ্লবের চোখেমুখে কিন্তু খুশির ঝিলিক। স্বস্তির আভাও। চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জিততে না পারলেও অন্তত হারতে তো হয়নি। গুরুত্বপূর্ণ এই লিগ লড়াইয়ে আস্থার প্রতীক হয়ে থাকা আবাহনী গোলরক্ষক তাই খুশিই, ‘আমরা আজ না জিতলেও হারিনি। দ্বিতীয় পর্বে ভালো খেলে আশা করি হ্যাটট্রিক শিরোপা জিতব।’মোহামেডান সেটা সহজে হতে দেবে না, এ তো জানাই। সেটা তারা ভালোই বুঝিয়ে দিয়েছে কাল আবাহনীকে ম্যাচের বেশির ভাগ সময়ই চাপে রেখে। আবাহনীর রক্ষণ আর মোহামেডানের আক্রমণ—এই লড়াইয়ে শেষ পর্যন্ত প্রথম পক্ষ জয়ী। দ্বিতীয় পক্ষ রাখল গোল করতে না পারার ব্যর্থতা।মোহামেডানের এটা টানা তৃতীয় ড্র। শেখ রাসেল ০-০, সিলেট বিয়ানীবাজার ১-১, আবাহনী ০-০। গোলের রাস্তা প্রায় ভুলে যাওয়া সাদা-কালোদের ১১ ম্যাচে পয়েন্ট ২৭। টানা ১১ ম্যাচ জয়ী আবাহনী কালই প্রথম পয়েন্ট হারাল, তবে ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই শেষ করল প্রথম পর্ব। ২৪ মার্চ চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে মোহামেডান জিতবে ধরে নিলেও দুদলে ৪ পয়েন্টের ব্যবধানটা রয়েই যাচ্ছে এই পর্বে।ঢাকার ফুটবল-দর্শকেরা বোধহয় এসব হিসাব-নিকাশে আগের মতো আগ্রহী নন। না হলে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক কোনাও কেন ভরবে না? সাম্প্রতিক কালে আবাহনী-মোহামেডান ম্যাচে এত কম দর্শক হয়নি। আবাহনী গ্যালারিতে তবু ৪-৫ হাজার ছিলেন, মোহামেডান গ্যালারিতে আসেননি এর অর্ধেকও! যাঁরা আসেননি, তাঁরা ‘মিস’ করেছেন কিছু? উত্তর ‘না’। মোহামেডান ম্যাচের শুরুতেই ঝাঁপিয়ে পড়ল আবাহনীর ওপর। আক্রমণে চড়াও হলেও বেশির ভাগই ছিল অগোছালো। আর আবাহনী বোঝাল, তারা এক পয়েন্ট পেলেই খুশি। বাংলাদেশের ক্লাব ফুটবলে যে ম্যাচটি সবচেয়ে আকর্ষণীয়, সেটি এদিন তার আসল রূপে দেখা দিতে পারেনি এ কারণেই। প্রচুর ফাউল আর কিছুক্ষণ পরপরই খেলা বন্ধ হয়েছে। ম্যাচের গতি কমাতে খেলোয়াড়দের ‘আহত’ হওয়ার সুযোগটা কাজে লাগাতে আবাহনী ছিল তত্পর। এই কৌশল তারা নিতেই পারে, তবে আবাহনী কোচ অমলেশ সেন দুষলেন রেফারিকে, ‘জীবনে এমন বাজে রেফারিং দেখিনি! ইব্রাহিমকে বারবার ফাউল করা হলেও রেফারি ফাউল দেননি!’ মোহামেডানের কোচ মারুফুল হক অবশ্য বলেছেন, ‘আমাদের মান অনুযায়ী রেফারিং ঠিকই ছিল।’মোহামেডান ১১টি কর্নার পেল, একটিও ভালো কর্নার হলো না। যার ওপর মোহামেডানের ভরসা সবচেয়ে বেশি, সেই বুকোলা ওলালেকান অবাক করেছেন। গত পেশাদার লিগে সর্বোচ্চ ১৮ গোল করা মোহামেডানের এই নাইজেরিয়ান স্ট্রাইকার কাল সহজতম সুযোগও হাতছাড়া করেছেন। খেলার শেষ দিকে মাথা ছোঁয়ালেই গোল হয়ে যায়—এমন পরিস্থিতিতেও তিনি ব্যর্থ। ৪ মিনিটে তাঁর হেড পোস্টে থাকলেই গোল। সেই হেড লাগল বারে। আবাহনী গোল করার সুযোগ পেয়েছে একটি। কিন্তু প্লেসিং করতে গিয়ে বাইরে মেরেছেন শেরিফ।জয় না এলেও মোহামেডান কোচ দলের খেলায় খুশি। তবে গোল না পাওয়ার কারণটা যেভাবে দেখালেন, সেটা দলের জন্যই অশনিসংকেতই, ‘স্ট্রাইকারদের (মূলত বুকোলা) মনঃসংযোগ ছিল না! তাই ফিনিশিং বাজে হয়েছে।’বুকোলাকে পুরো ফিট মনে হয়নি। তাঁর স্বদেশি এমেকারও শতভাগ ফিটনেস ছিল না। জ্বরে আক্রান্ত স্ট্রাইকার এমিলি না থাকায় তাঁর অভাব কখনো কখনো অনুভব করেছে মোহামেডান। অফ ফর্মে থাকলেও এমিলির মাঠে বিচরণই প্রতিপক্ষের জন্য একটা চাপ। এ সুযোগে সতীর্থরা পেয়ে যান গোলের রাস্তা। এদিন সেটা হয়নি। লিগে এখনো লম্বা পথ। দ্বিতীয় পর্বের ১২ ম্যাচে অনেক কিছুই হতে পারে—এই সান্ত্বনাই এ ম্যাচে প্রাপ্তি মোহামেডানের। আবাহনী: বিপ্লব, সুজন, রজনী, সামাদ, আতিকুর, জাহেদ, প্রাণতোষ, মেহেদি (আবুল), শাহেদুল (এনামুল) ইব্রাহিম, শেরিফ।মোহামেডান: আমিনুল, ওয়ালি, নাসির, আরিফুল, ইনামুয়েল, মামুনুল, কমল, শরীফ (জাহিদ), আরমান আজিজ (আলমগীর রানা), এমেকা, বুকোলা (নাসিরউদ্দিন)। রেফারি: আবদুল হান্নান।