ড্র হলো গল টেস্ট
জয় দিয়েই অধিনায়কত্বের যাত্রাটা শুরু হতে পারত ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক ড্যারেন স্যামির। কিন্তু বাদ সাধল বৃষ্টি। তৃতীয় আর চতুর্থ দিনে বৃষ্টির বাধার পর আজ পঞ্চম দিনেও বৃষ্টির কারণে খেলা হয়নি প্রায় ৩০ ওভার। শেষ পর্যন্ত অমীমাংসিতভাবেই শেষ হলো ওয়েস্ট ইন্ডিজের শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টটি।প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৭৮ রানে অলআউট করে ফলোঅনের জালে ফেলে আবার দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ড্র ঘোষণার আগ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিল ২৪১ রান। দিন শেষে মাত্র পাঁচ রানের জন্য আক্ষেপে পুড়তে হয়েছে লঙ্কান ওপেনার থারাঙ্গা পারানাভিতানাকে। আর পাঁচ রান করলেই ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করতে পারতেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।ক্যারিয়ার সেরা ৩৩৩ রানের মহাকাব্যিক ইনিংসটি খেলে ম্যাচ সেরা হয়েছেন ক্রিস গেইল।আগামী ২৩ নভেম্বর থেকে কলম্বোয় শুরু হবে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট। — ক্রিকইনফো