ড্র হলো চট্টগ্রাম টেস্ট
বৃষ্টির বাধায় টানা দুইদিন খেলা না হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটা যে ড্র-ই হবে এটা অনুমান করাই যাচ্ছিল। তবে শেষপর্যন্ত ফলশূণ্যভাবে শেষ হলেও টেস্ট ক্রিকেটের অঙ্গনে উজ্জল পারফরমেন্স দেখানোর আশা জাগিয়েছেন বাংলাদেশী ক্রিকেটাররা। ১১৯ রান সংগ্রহ করে দ্বিতীয় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশী অধিনায়ক মুশফিকুর রহিম। জয়ের জন্য ২২৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ইলিয়াস সানির শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ক্রেইগ ব্রাথওয়েট। ১৫তম ওভারে লেন্ডল সিমন্সকেও সাজঘরে পাঠিয়েছিলেন সাকিব। শেষপর্যন্ত শেষ দিনের খেলা শেষ হওয়ার আগে স্কোরবোর্ডে ২ উইকেটে ১০০ রান জমা করেছিল ক্যারিবীয়রা।আজ চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বারবার ঘুরে ফিরে এসেছে সেই আক্ষেপই। যদি, চট্টগ্রাম টেস্টের দু’টি দিন নষ্ট না হতো! আড়াইদিন হওয়া খেলায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চালকের আসনেই রয়েছে মুশফিকুর রহিমের বাহিনী। নিজেরা ৩৫০ রান করে ইনিংস ঘোষণা করে দেওয়ার পর রাজসিকভাবে অভিষিক্ত বাঁ-হাতি স্পিনার ইলিয়াস সানির ৬ উইকেট ও সাকিবের ৩ উইকেটের কল্যাণে ক্যারিবীয়রা ২৪৪ রানেই শেষ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করার পর আক্ষেপটা হাহাকারেই পরিণত হয়েছে। তবে আক্ষেপ-হাহাকারের ভিড়ে ইলিয়াস সানির এই অভিষেকটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে একটু আলাদা মর্যাদাই পাচ্ছে-সান্তনাটা এখানেই। দুই ইনিংস মিলিয়ে মোট ৭টি উইকেট শিকার করেছেন এই বামহাতি স্পিনার।১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত সংগ্রহ করেছিল ৩৪ রান। বিনিময়ে ইমরুল কায়েসকে হারাতে হয়েছে স্বাগতিকদের। ইমরুল কায়েস দ্বিতীয় ইনিংসেও নিজের অফস্ট্যাম্প চিনতে না পেরে পেছনে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক বাগের হাতে। এই ইনিংসেও তিনি রবি রামপালের শিকার। ৩৭ রান করে স্যামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন আরেক ওপেনার তামিম ইকবাল। ক্যারিয়া্রের ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেই সাজঘরে ফিরেছেন শাহরিয়ার নাফিস।আজ সকালে ৫ উইকেটে ১৪৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই ইলিয়াস সানির আরও ২ উইকেট ও সাকিবের ৩ উইকেটের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে বেধে ফেলা সম্ভব হয় ২৪৪ রানেই। অধিনায়ক ড্যারেন স্যামি ৫৮ রানের একটি চমত্কার ইনিংস না খেললে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডের চেহারা থাকত আরও করুণ-একথা বলে দিতে হয়না।