ড্র হলো হায়দরাবাদ টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদের মতো একই পরিণতি হলো হায়দরাবাদ টেস্টেরও। চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল, ড্রই হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি। কিন্তু আজ পঞ্চম দিনে নিউজিল্যান্ডকে তাড়াতাড়ি অলআউট করতে পারলে জয়ের আশাও ছিল ভারতের সামনে। কিন্তু ভারতীয় বোলারদের হতাশ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম আর কেন উইলিয়ামসন। পঞ্চম উইকেট জুটিতে ১২৪ রান যোগ করে ভারতকে জয়বঞ্চিত করেছেন এ দুই ব্যাটসম্যান। শ্রীশান্তের বলে রাইনার হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ম্যাককালাম খেলেছেন তাঁর ক্যারিয়ারসেরা ২২৫ রানের অনবদ্য ইনিংস। ৬৯ রান করে হরভজনের শিকারে পরিণত হয়েছেন উইলিয়ামসন।পঞ্চম দিনে ৬০ ওভার ব্যাট করে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। ৩২৭ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ১৭ ওভারে ৬৮ রান করার পর খেলার পরিণতি মেনে নেয় দুই দলই। শেবাগ যথারীতি ব্যাটে ঝড় তুলে ৫৪ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন।হরভজন সিংকে বঞ্চিত করে ম্যাককালামই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টটি শুরু হবে ২০ নভেম্বর। ক্রিকইনফো।