ড্রই হলো ভুবনেশ্বরের টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ভারতের শেষ জুটির শতরান। জবাবে ইংল্যান্ডের শেষ জুটির বিশ্ব রেকর্ড। ট্রেন্ট ব্রিজ টেস্টটাকে মনে রাখার জন্য এতটুকুই ছিল যথেষ্ট। ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টটাকে এখন মনে রাখতে হবে ভুবনেশ্বর কুমারের টেস্ট হিসেবেও। প্রথম ইনিংসে নয় নম্বরে নেমে ৫৮ রান করা ভুবনেশ্বর (৬৩*) ফিফটি পেয়েছেন দ্বিতীয় ইনিংসেও। নয় নম্বরে নেমে জোড়া ফিফটি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট। ইংল্যান্ডে টেস্টে একই ম্যাচে জোড়া ফিফটি ও ইনিংসে ৫ উইকেট পাওয়া মাত্র দ্বিতীয় খেলোয়াড় ভুবনেশ্বর। প্রথমজনও ছিলেন ভারতীয়—ভিনু মানকড়। কীর্তিটা দুবার করেছিলেন মানকড়। আর টেস্টে নয়ে নেমে জোড়া ফিফটি ভুবনেশ্বরের আগে পেয়েছিলেন শুধু পিটার সিডল (অস্ট্রেলিয়া-ভারত, দিল্লি, ২০১৩)।
টেস্টটা অবশ্য ড্রই হয়েছে। প্রথম ইনিংসে ৩৯ রানে পিছিয়ে থাকা ভারত শেষ দিনটা শুরু করেছিল ৩ উইকেটে ১৬৭ রান নিয়ে। আর ১৭ রান যোগ করতেই নেই আরও ৩ উইকেট। লিড মাত্র ১৪৫ রান, সফরকারীরা এবারও উদ্ধার পেল লোয়ার অর্ডারের কৃতিত্বে। ভারতের সপ্তম, অষ্টম ও নবম উইকেট জুটি ২০৭ রান যোগ করেই ম্যাচ বাঁচিয়েছে। ভারত ৯ উইকেটে ৩৯১ রান করে ইনিংস ঘোষণার পরই শেষ হয়েছে ম্যাচ। তথ্যসূত্র: স্টার স্পোর্টস ১।