ড্রতেই শুরু দ্রাগানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেনাল্টি থেকে শেখ রাসেলকে সমতায় ফিরিয়ে সতীর্থর সঙ্গে প্যাসকেলের (ডানে) উল্লাস  প্রথম আলো
পেনাল্টি থেকে শেখ রাসেলকে সমতায় ফিরিয়ে সতীর্থর সঙ্গে প্যাসকেলের (ডানে) উল্লাস প্রথম আলো

দলের বাজে পারফরম্যান্সের দায়ে তিন দিন আগে বরখাস্ত হয়েছেন ট্রেবলজয়ী কোচ মারুফুল হক। নতুন কোচ দ্রাগান দুকানোভিচের অধীনে কতটা ভালো খেলে শেখ রাসেল ক্রীড়াচক্র সেটাই ছিল দেখার। কিন্তু কোচ বদলেও শেখ রাসেলের ভাগ্য বদলায়নি। কোনো রকমে হার এড়িয়েছে চ্যাম্পিয়নরা, পয়েন্ট তালিকার তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। মন্টেনেগ্রিয়ান কোচের ঢাকার মাঠে অভিষেকটা ভালো হলো না।
গত দুই মাসে মাত্র ৮ দিনের অনুশীলন। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে সমন্বয় নেই। ঢাকায় কমলাপুর স্টেডিয়ামকে আবাস বানালেও অনুশীলন নিয়ে বরাবরই ঝামেলায় পড়তে হয়। মাত্র ৩০ মিনিট অনুশীলন হতেই মাঠের এক পাশ থেকে পানি দেওয়া শুরু হয়। অনুশীলন না করেই উঠে আসতে হয় খেলোয়াড়দের। এত প্রতিবন্ধকতা পেরিয়েও কাল যা খেলেছে চট্টগ্রাম আবাহনী, তাতে তিন পয়েন্টই পাওনা ছিল। কিন্তু দুর্ভাগ্য, প্রথমে গোল করেও তা ধরে রাখতে পারেনি তারা।
 ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল চট্টগ্রাম আবাহনী। বক্সের মধ্যে এগিয়ে যাওয়া প্যাসকেলের শট হাতে লাগে চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার কামারা মোমাদোর। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি ভারত চন্দ্র গৌড়। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান প্যাসকেলই। চট্টগ্রাম আবাহনীর কোচ নজরুল ইসলাম (লেদু) রেফারির এই সিদ্ধান্তে অবাক, ‘ওটা মোটেও হ্যান্ডবল নয়, বলহ্যান্ড! বল এসে হাতে লেগেছে। খেলোয়াড় ইচ্ছা করে বল থামালেই পেনাল্টি দিতে পারেন রেফারি।’ তবে গোলের সুযোগ নষ্ট করায় নিজের খেলোয়াড়দেরও দুষেছেন তিনি, ‘আমার মনে হয় নতুন কোচকে পয়েন্ট উপহার দিয়েছে ছেলেরা।’

এই চট্টগ্রাম আবাহনীকে প্রথম পর্বে ২-১ গোলে হারিয়েছিল শেখ রাসেল। কাল পয়েন্ট খুইয়ে কোচ দুকানোভিচ বললেন, ‘ফুটবলে সব দিনই যে সমান যাবে, এমন তো কোনো কথা নেই। তবে এটা সত্যি আমার খেলোয়াড়েরা একটু চাপে ছিল। ম্যাচ শুরুর আগে ওদের কাছে আমি জয় চেয়েছিলাম। ওই চাপেই হয়তো স্বাভাবিক খেলতে পারেনি। আমি হতাশ।’

তবে জয় দূরে থাক, ৫৩ মিনিটে গিনির ফরোয়ার্ড মোহাম্মদ কন্তের গোলে জয়ের স্বপ্ন দেখছিল চট্টগ্রাম আবাহনীই। গোলটি ধরে রাখতে রক্ষণাত্মক কৌশল নেন কোচ। কিন্তু শেষ রক্ষা হলো না। বিতর্কিত পেনাল্টি থেকেই ১ পয়েন্ট নিয়ে ফিরেছে শেখ রাসেল। এই
ড্রয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল গতবারের চ্যাম্পিয়নরা।