আবারও ড্র। আবারও সমর্থকদের হতাশা উপহার দিল আবাহনী। যথারীতি গ্যালারি থেকে পানির বোতল, জুতা উড়ে গেল মাঠে। চলল গালিবৃষ্টি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর সংবাদ সম্মেলনে এসে ক্লাব কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমি। শেখ জামাল, শেখ রাসেলের পর চট্টগ্রাম আবাহনীর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মোটেও খুশি নন ইরানি কোচ।
এএফসির এলিট ইনস্ট্রাক্টর কোর্সে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন আলী আকবর পোরমুসলিমি। ৭-১২ জুন মালয়েশিয়ায় এই কোর্সে অংশ নিয়ে আর হয়তো না-ও ফিরতে পারেন ঢাকায়। তেমনই আভাস দিলেন, ‘হয়তো এটাই আমার আবাহনীর হয়ে এই মৌসুমে শেষ ম্যাচ।’ তবে কি আবাহনীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চলেছেন? পোরমুসলিমি সরাসরি বললেন, ‘আসলে ক্লাব কর্মকর্তারা এখন আর ফুটবলারদের কাছে কিছু চাইছে না। তাদের হয়তো মনে হয়েছে কোচ বদলানো উচিত।’ যদিও একটু পরই বললেন, ‘আমি এখনো এই ক্লাবকে ভালোবাসি। আবাহনীকে সাহায্য করতেই এসেছি।’
আবাহনীতে ফিনিশারের অভাব, বিদেশি খেলোয়াড়েরা গড়পড়তা মানের, চ্যাম্পিয়ন দল গড়তে হলে চ্যাম্পিয়নের মতো টাকা খরচ করতে হবে—ক্লাব কর্মকর্তারা এসব নিয়ে আর গা করেন না । পোরমুসলিমির অভিযোগের তালিকাটা বেশ লম্বা। কর্মকর্তাদের সঙ্গে যে অনেকখানি দূরত্ব তৈরি হয়েছে সেটা তাঁর অভিমানভরা কথাতেই বোঝা যাচ্ছিল। তাহলে কি এক মৌসুম আগে আবাহনীকে চ্যাম্পিয়ন করা কোচকে বরখাস্ত করা হবে? আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর জবাব, ‘তাঁকে ছেড়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই। আমাদের সঙ্গে যা কথাবার্তা তাতে তিনি ফিরে আসবেন।’
১ পয়েন্ট নয়, কাল ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারত চট্টগ্রাম আবাহনী। দু-দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন ওসমান ও সোহেল। ৭২ মিনিটে ওসমানের জোরালো শট লেগেছে ক্রসবারে। ৮৫ মিনিটে ওসমানের ক্রস থেকে সোহেলের দুর্বল শট ফিরিয়ে দেন ডিফেন্ডার সুজন। গোলরক্ষক জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন অনেকটা । প্রথম মিনিটেই আবাহনীর বলার মতো সুযোগটা নষ্ট করেছেন প্যাট্রিক৷
এই ড্রয়ের পর ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তলানিতে চট্টগ্রামের দলটি।