ড্রয়ের পথেই হাঁটছে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুইটি উইকেট নিয়ে মিচেল স্টার্কই আজ অস্ট্রেলিয়ার সফল বোলার। অসিদের এমন আনন্দের উপলক্ষ্য মাত্র চারবারই এসেছে আজ তৃতীয় দিনে।
দুইটি উইকেট নিয়ে মিচেল স্টার্কই আজ অস্ট্রেলিয়ার সফল বোলার। অসিদের এমন আনন্দের উপলক্ষ্য মাত্র চারবারই এসেছে আজ তৃতীয় দিনে।

ওভাল টেস্টে যেন দেখা গেল নতুন এক কেভিন পিটারসেনকে। আক্রমণাত্মক ব্যাটিং ভুলে তিনি যেন ধৈর্য্যের প্রতিমূর্তি। ৫০ রান করতে খেলেছেন ১৩৩ বল। স্ট্রাইকরেট ৩৭.৫৯। ইংলিশ এই ব্যাটসম্যান শেষ কবে এরকম ধীরগতির ব্যাটিং করেছেন মনে করতে গেলে গলদঘর্মই হতে হবে ক্রিকেটপ্রেমীদের। শুধু পিটারসেনই না, ইংল্যান্ডের সব ব্যাটসম্যানই আজ খেলেছেন এরকম ধীরগতির ক্রিকেট। দিনশেষে চার উইকেট হারিয়ে ইংলিশ স্কোরবোর্ডে জমা হয়েছে ২৪৭ রান। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তৃতীয় দিন থেকেই ড্রয়ের লক্ষ্যে খেলছে স্বাগতিকরা।
সিরিজ জয়টা আগেই নিশ্চিত হয়ে গেছে। অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে তাই হয়তো কোনো ঝুঁকিই নিতে চাচ্ছে না ইংল্যান্ড। ড্র করে অপরাজিত থাকাটাকেই হয়তো লক্ষ্য বানিয়েছে ইংলিশ ক্রিকেটাররা। আজ ওভাল টেস্টের তৃতীয় দিনে ওভারপ্রতি ২.১২ রেটে রান সংগ্রহটা সেরকমই ইঙ্গিত দিয়েছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৯২ রানের জবাবে আজ সারাটা দিন ব্যাটিং করেও এখনো ফলোঅন এড়ানোর মতো রানটাও সংগ্রহ করতে পারেনি কুক বাহিনী। পিছিয়ে আছে ২৪৫ রানে।
সত্যিই যদি ড্র করাটাই লক্ষ্য হয়, তাহলে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা যে ভালো পারফরম্যান্সই দেখিয়েছেন, সেটা স্বীকার করতেই হবে। সাজঘরে ফেরার আগে প্রথম চার ব্যাটসম্যানই দীর্ঘসময় কাটিয়ে গেছেন উইকেটে। অ্যালিস্টার কুকের ২৫, জো রুটের ৬৮, জনাথট ট্রটের ৪০ ও কেভিন পিটারসেনের ৫০ রানের ইনিংসগুলোতে ভর করে অনায়াসেই আজ তৃতীয় দিনটা পার করে দিয়েছে ইংল্যান্ড। কারোরই স্ট্রাইকরেট ওঠেনি ৪০ এর উপরে। দিনশেষে ২৯ রান নিয়ে অপরাজিত আছেন ইয়ান বেল।