ড্রর চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানো কেলেঙ্কারি পেছনে ফেলে অনেক দিন পর সিরি ‘আ’ জিতেছে এবার জুভেন্টাস। রেকর্ড ২৮তম স্কুডেট্টো জয়ের পথে করেছে আরও দুটি রেকর্ড। এসি মিলানের পর দ্বিতীয় দল হিসেবে অপরাজিত সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হওয়ার কথা প্রায় সবারই জানা। সবচেয়ে বেশি ম্যাচ (১৫টি) ড্র করে লিগ জয়ের রেকর্ডেও এখন তুরিনের ক্লাবটির নাম। জুভেন্টাস ভেঙেছে নিজেদেরই রেকর্ড। ১৯৭৭-৭৮ মৌসুমে জিওভান্নি ত্রাপোত্তোনির কোচিংয়ে চ্যাম্পিয়ন হওয়া জুভরা ড্র করেছিল ১৪টি ম্যাচে। তখন অবশ্য ম্যাচ হতো ৩০টি। ইংল্যান্ডের শীর্ষ লিগগুলোয় জুভেন্টাসের চেয়ে বেশি ম্যাচ ড্র করেও লিগ চ্যাম্পিয়ন হওয়ার উদাহরণ আছে দুটি। দুটিই ইংল্যান্ডে। ১৯২৪-২৫ মৌসুমে হাডার্সফিল্ড ও ১৯৯১-৯২ মৌসুমে লিডস ইউনাইটেড ১৬ ম্যাচ ড্র করেও চ্যাম্পিয়ন হয়েছিল। অবশ্য দুটি দলই খেলেছিল ৪২ ম্যাচের লিগ।