ড্রেসিংরুমে এগিয়ে থাকার তৃপ্তি
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে কারা এগিয়ে? কাল সন্ধ্যায় ড্রেসিংরুমে ঢুকে প্রশ্নটা করলে হয়তো কোরাসে ‘আমরাই এগিয়ে’ চিৎকার শোনা যেত। এই ড্রেসিংরুম বাংলাদেশ দলের ড্রেসিংরুম।ড্রেসিংরুমে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। প্রশ্নটাও তাই ওভাবে করার উপায় ছিল না। তবে দিন শেষে ড্রেসিংরুমের আশপাশের আবহই বলে দিচ্ছিল, দিনটা ছিল বাংলাদেশের। নির্ভার, আয়েশি সবাই। ভিউইং এরিয়ায় টোস্টারে পাউরুটি টোস্ট করছেন শাহাদাত হোসেন। দু-একজন এলোমেলো বসে। মুখে হাসি ছড়িয়ে মুশফিকুর রহিম চলে গেলেন ডাইনিংয়ের দিকে। একটু আগে ওদিক থেকেই কী একটা খেতে খেতে হেঁটে আসা সাকিব আল হাসানের মুখেও হাসি। কিছু জিজ্ঞেস করলে আগে দুষ্টুমি, পরে উত্তর।—উইকেট খুব ফ্লাট, তাই না?হাসতে হাসতে সাকিবের কপট প্রতিবাদ, ‘আরে না, কী বলেন! ফ্লাট হলে ৫ উইকেট পড়ে?’ আসলেই তো! অমন ন্যাড়া উইকেটে দিন শেষে ৫ উইকেটে ২৫৩ রান, খুব কি বেশি কিছু করেছে ওয়েস্ট ইন্ডিজ? করেনি এবং করেনি বলেই ঢাকা টেস্টের প্রথম দিনটাকে নিজেদের দাবি করছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।সাকিব নিজেই যেমন বললেন, ‘প্রথম দিন শেষে অবশ্যই আমরা এগিয়ে। কাল (আজ) ওদের ৩৫০-এর মধ্যে অলআউট করে দিতে পারলেই হয়...।’ অধিনায়ক মুশফিকেরও জোরালো দাবি, ঢাকা টেস্টের প্রথম দিনে এগিয়ে থাকা দলটার নাম বাংলাদেশ, ‘আমি তো বলব অবশ্যই প্রথম দিন শেষে আমরা এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিনে তিন শ করতে পারেনি, রানরেটও তিনের নিচে। কাজেই প্রথম দিনে আমরাই সফল। কাল (আজ) লক্ষ্য থাকবে যত তাড়াতাড়ি তাদের অলআউট করা।’ এদিক দিয়ে পেটের পীড়ায় আক্রান্ত ইলিয়াস সানিকে যেন একটু বেশিই মিস করছেন মুশফিক। অভিষেক টেস্টে ৭ উইকেট পেলেও ঢাকায় তিনি দলের বাইরে। প্রসঙ্গটা উঠতেই একটু হতাশ শোনাল অধিনায়কের কণ্ঠস্বর, ‘ওনাকে মিস করছি অবশ্যই। প্রথম টেস্টে এত ভালো বোলিং করলেন...। তার পরও তার জায়গায় দলে এসে সোহরাওয়ার্দী ভালো বল করছে।’সানির মতো স্বপ্নের অভিষেক না হলেও টেস্টে নিজের প্রথম উইকেটটা কালই পেয়ে গেছেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। সেই উইকেটও আবার প্রথম দিনে প্রতিপক্ষের হয়ে সবচেয়ে বেশি রান (৭২) করা কাইরন পাওয়েলের। দিন শেষে ৭১ রানে অপরাজিত কার্ক এডওয়ার্ডস বা ১৬ রান নিয়ে থাকা মারলন স্যামুয়েলস আজ বাংলাদেশ দলের জন্য হুমকি হবেন কি না কে জানে, কালকের স্কোর বোর্ড দেখে কিন্তু বেশ খুশি মুশফিক। একই সঙ্গে বিস্মিতও, ‘এমন ব্যাটিং প্যারাডাইসে আগে ব্যাট করলে প্রথম দিনে আমরা তিন শর বেশি রান করতাম। হয়তো ৪-৫টা উইকেট পড়ত, কিন্তু রান করতাম।’মুশফিকের আত্মবিশ্বাসের একটা কারণ অবশ্যই চট্টগ্রাম টেস্ট। শাহরিয়ার নাফীসের দৃষ্টিতে যে টেস্ট বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আবেদনই। দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে বললেন, “এই ম্যাচ নিয়ে একটা ‘হাইপ’ তৈরি হয়েছে। চট্টগ্রামে ভালো পারফরম্যান্সের পর সবাই এই টেস্ট নিয়ে খুব আগ্রহী। অনেক আশা নিয়ে খেলা দেখতে বসেছে।”শাহরিয়ার নাফীসের দৃষ্টিতে প্রথম দিনে বাংলাদেশ বোলারদের পাওয়া সবচেয়ে মূল্যবান উইকেট শিবনারায়ণ চন্দরপলেরটি। খুবই স্বাভাবিক এমন ভাবা। টেস্টে প্রায় ১০ হাজার এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় ২০ হাজার রান করা চন্দরপল এই উইকেটে দাঁড়িয়ে গেলে কী হতো কে জানে! বিশেষ করে যে উইকেটকে শাহরিয়ারের মনে হচ্ছে, টেস্টের চতুর্থ দিন পর্যন্তও ব্যাটিংবান্ধব থাকবে। উইকেট-টুইকেট কম বোঝেন জানিয়েও বললেন, ‘দেখে তো মনে হলো উইকেট পাঁচ দিনই টিকবে, ভাঙবে না। প্রথম দিন যে রকম ফ্লাট দেখলাম, চার দিন তো খুবই ভালো থাকবে মনে হয়। শেষ দিন ভাঙতে পারে না-ও পারে।’ঢাকা টেস্টে বাংলাদেশের ভেঙে পড়া না-পড়াও কিন্তু লুকিয়ে উইকেটের ওই রহস্যে।