ড্রেসিংরুমে এমন চুরি!
ম্যাচ শেষ। ড্রেসিংরুমে এসে চোখ কপালে উঠল শেখ জামালের ফুটবলারদের! ১০টি মুঠোফোন হাওয়া! হাজার দশেক টাকাও হাপিস। সুপার কাপে পরশুর ম্যাচের পরের এ ঘটনা বিরাট প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিরাপত্তাকে। শেখ জামালের ডিফেন্ডার হাসান আল মামুন ক্ষোভের সঙ্গে কাল বলছিলেন, ‘ড্রেসিংরুমে তালা মেরে আমাদের বয়রা খেলা দেখছিল। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদের ক্লিনার রানার কাছে বিকল্প চাবি ছিল। সম্ভবত সে এগুলো চুরি করেছে। ঘটনার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’ মজার ব্যাপার, ওই পরিচ্ছন্নতাকর্মীর কোনো ঠিকানা নাকি জানে না জাতীয় ক্রীড়া পরিষদ। মুঠোফোন খোয়া গেছে শেখ জামালের অরূপ, সুলতান, শাহেদ, মুন্নাসহ আরও ছয় খেলোয়াড়ের। সুরক্ষিত স্টেডিয়ামে যদি এমন চুরি হয়, তাহলে কোনো কিছুই তো আর নিরাপদ নয়! এ ঘটনায় উদ্বেগ জানিয়ে স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।