ড্রয়ে ক্ষুব্ধ ফার্গি
এই মৌসুমের সবচেয়ে পরিচিত একটি চিত্র হয়ে উঠেছিল পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। কিন্তু গত পরশু ইউনাইটেড এগিয়ে গিয়েও জিততে পারল না টটেনহাম হটস্পারের সঙ্গে। নিজেদের মাঠে পিছিয়ে পড়েও অন্তিম সময়ে সমতা ফিরিয়েছে লন্ডনের ক্লাবটি।ম্যাচটা শেষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী হতে পারে কি না, তা নিয়েই দেখা দিয়েছিল সংশয়। শুভ্র তুষারের আস্তরণ জমে গিয়েছিল মাঠে। ম্যাচটা শেষ পর্যন্ত শুরু হয়। তবে রবিন পার্সির কাছে তুষার-টুষার পাত্তা পেলে তো! গোল করাকে খুবই সহজ একটি কাজ বানিয়ে ফেলা ডাচ স্ট্রাইকারের গোলেই ইউনাইটেড এগিয়েও যায় প্রথম। ২৫ মিনিটের এই গোলে অনন্য একটি কীর্তিও করে ফেলেন পার্সি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ১০টিরও বেশি অ্যাওয়ে গোল করলেন এই ডাচ স্ট্রাইকার। কিন্তু কে জানত যে শেষ মুহূর্তে ক্লিন্ট ডেম্পসি গোল করে ইউনাইটেডকে জয় থেকে বঞ্চিত করবেন?জয়টা এভাবে মুঠো ফসকে বেরিয়ে যাওয়াটা মানতে পারেননি ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন। ৬৩ মিনিটে ওয়েইন রুনিকে বাধা দিয়েছিলেন স্পার ডিফেন্ডার কলকার। রেফারির চোখে এড়িয়ে গেছে ব্যাপারটা। সেটাই ফার্গির চোখে তাই বড় হয়ে উঠেছে ম্যাচ শেষে, ‘এটা ছিল পরিষ্কার একটা পেনাল্টি।’সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান নেমে এসেছে পাঁচে। গত মৌসুমে ৮ পয়েন্ট এগিয়ে থেকেও শিরোপা খোয়াতে হয়েছে সিটির কাছে। ফার্গির কপালে আবারও দুশ্চিন্তার ভাঁজ পড়তেই পারে।রেফারিং নিয়ে অসন্তোষ ঝরেছে আর্সেনাল আর্সেন ওয়েঙ্গারের কণ্ঠেও। দিনের প্রথম ম্যাচে চেলসির কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল। হুয়ান মাতার করা প্রথম গোলের ঠিক আগে চেলসির রামিরেস ফাউল করেছিলেন আর্সেনালের কোকেলিনকে। কিন্তু রেফারি ফাউল না ধরে খেলা চালিয়ে যান। ওই ফাউলটা ধরলেই কিন্তু আর গোল হয় না। ওটা নিয়ে আপত্তি তো আছেই, ওয়েঙ্গার আঙুল তুলেছেন দ্বিতীয় গোলটির দিকেও। এবারও দৃশ্যপটে রামিরেস, চেলসি মিডফিল্ডার নাকি ইচ্ছা করে পড়ে গিয়েই পেনাল্টি আদায় করেছেন। এই হারে শিরোপাস্বপ্ন কার্যত যে মলিন হয়ে গেছে, সেটা স্বীকারও করে নিয়েছেন আর্সেনাল কোচ, ‘অবশ্যই লিগে আমাদের অবস্থা এতে অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। এটা হজম করা আসলেই খুব কঠিন।’ এএফপি।