ড্রয়ে জয়-হারের হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মহেন্দ্র সিং ধোনিকে ডাকতেই গ্যালারিতে তুমুল উল্লাস। ধোনিও এলেন হাসিমুখে। হালকা রসিকতা করলেন ধারাভাষ্যকার মাইক হেইসম্যানের সঙ্গে। হাসি ধোনির সতীর্থদের মুখেও। সবই বলে দিচ্ছিল, ম্যাচের ফলে ভারতের ক্রিকেটার-সমর্থক সবাই খুশি।
সংবাদ সম্মেলনে ম্যাচসেরা বিরাট কোহলির হাসিমুখ, ‘সত্যি বলতে আমরা সবাই ভীষণ অবাক হয়েছি। আমরা ভাবতেও পারিনি যে ওরা এভাবে রান তাড়া করা ছেড়ে দেবে। ফিল্যান্ডার উইকেটে ছিল, আগেও দেখেছি যে সে ব্যাটিং ভালোই করতে পারে—জানি না কী হলো ওদের। আমাদের পরিকল্পনা ছিল নিয়মিত উইকেট নিতে থাকা। কিন্তু ওদের হাল ছেড়ে দেওয়া দেখে আমরা যারপরনাই বিস্মিত।’
গ্রায়েম স্মিথ যদিও হতাশার কথা স্বীকারই করছেন না, তবে আক্ষেপ কিছু মনে না থেকে পারেই না। কোহলির কথায় সেই বেদনার জায়গাটায় সম্ভবত খোঁচাই লাগল। শেষ দিকে নয়জন ফিল্ডারকেই সীমানায় রেখেছিলেন ধোনি, সেদিকে ইঙ্গিত করে প্রোটিয়া অধিনায়কের পাল্টা জবাব, ‘ওরা নিশ্চয়ই চারটি স্লিপ, শর্ট লেগ ও গালি সাজিয়ে বোলিং করেনি! ওদের দেখে একটুও মনে হয়নি যে জিততে চায়।’
স্মিথের কথারও আবার জবাব দিয়েছেন কোহলি, ‘শেষ সেশনের বেশির ভাগজুড়েই আমরা আক্রমণাত্মক খেলতে চেয়েছি। হ্যাঁ, যখন ফ্যাফ ও এবি খেলছিল, তখন ততটা নয়। কিন্তু এবি আউট হওয়ার পর আমরা চেয়েছি আরও উইকেট নিয়ে ম্যাচ জিততে। কখনোই ড্রয়ের জন্য খেলিনি আমরা।’
ম্যাচের মতো কথার লড়াইয়েও কেউ কাউকে ছাড়েন না। কোহলির বিস্ময় শুনে যেমন বিস্মিত স্মিথ। হাতে দেড় দিন আর সাড়ে চার শ রানের পুঁজি নিয়েও যে ভারত জিততে পারেনি, সেই খোঁচাটা দিতে ছাড়েননি প্রোটিয়া দলপতি, ‘যদি শুনি ধোনি মনে করেনি যে ওর বোলারদের ম্যাচ জেতানো উচিত ছিল না, তাহলে আমি ভীষণ অবাক হব। ৪৫০-৪৬০ রান, হাতে ১৩২ ওভার (১৩৬)—উইকেট যেমনই হোক, বোলাররা ম্যাচ জেতাতে না পারলে আমি অবাকই হব। কৃতিত্ব আমাদের, ছেলেরা দুর্দান্ত খেলেছে। পরের টেস্টের আগে সময় খুব বেশি নেই, অনেক কিছু নিয়েই ভাবতে হবে ওদের!’
স্মিথ যে মনস্তাত্ত্বিক খেলা শুরু করলেন, তাতে কোহলিই বা পিছিয়ে থাকবেন কেন? ড্রয়ের মাঝেও জয়-হারের প্রশ্নে বললেন, ‘যদি জানতে চান, মানসিক জয়টা আমাদের হয়েছে কি না, মনে করিয়ে দিই, ম্যাচের চার দিনই আমরা শক্ত অবস্থানে ছিলাম। পঞ্চম দিনে ওরা দুর্দান্ত খেলেছে। তবে শেষ পর্যন্ত ওদের সুযোগ ছিল জয়ের, ওরা সুযোগ নেয়নি। আমরা তাতে অবাক হয়েছি।’
তবে বাস্তবতা হলো, স্মিথের কথা যেমন সত্যি, তেমনি সত্যি কোহলির কথাও। তবে লোকে শেষটাই মনে রাখে বেশি। আর সেই শেষটায় যখন ছিল ইতিহাস গড়ার হাতছানি, হার এড়ানোর তৃপ্তির চেয়ে না পাওয়ার আক্ষেপটাই বেশি হওয়ার কথা দক্ষিণ আফ্রিকানদের। ২৬ ডিসেম্বর, বক্সিং ডেতে শুরু পরের টেস্টে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ কি পাবেন স্মিথরা? ওয়েবসাইট।