ড্রয়ে শেষ বার্সার লা লিগা
শিরোপার আশা শেষ হয়ে গেছে বেশ আগেই। রিয়াল মাদ্রিদ শিরোপা জয়ের আগাম উত্সবটাও করে ফেলেছে। তবু লা লিগায় গতকাল শনিবার অনুষ্ঠিত রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচটার গুরুত্ব স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার কাছে ছিল যথেষ্টই! এটাই যে ছিল বিদায়ী কোচ পেপ গার্দিওলার লিগে শেষ ম্যাচ।লা লিগায় নিজের বিদায়ী ম্যাচে অল্পের জন্য হার থেকে বেঁচেছেন গার্দিওলা। তাঁকে বাঁচিয়েছেন সেইডু কেইটা। ইনজুরি টাইমে কেইটার এনে দেওয়া গোলে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা।ম্যাচের পুরো সময় অবশ্য পূর্ণ শক্তি নিয়ে খেলতে পারেনি বার্সা। খেলার ৫৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানি আলভেজ। ১০ জনের দল নিয়ে এরপর আর সুবিধা করতে পারেনি বার্সা।এ দিন মাঠে ছিলেন লিগের এক মৌসুমে ৫০ গোলের রেকর্ড গড়া লিওনেল মেসি। কিন্তু ছিলেন অনেকটাই ম্লান। মেসির বদলে এই ম্যাচে পাদপ্রদীপের আলোয় ছিলেন রোবেন কাস্ত্রো। বেটিসের হয়ে দুটি গোলই করেন এই স্ট্রাইকার।খেলার ৯ মিনিটে এগিয়ে যায় বার্সা। হেড থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন সার্জিও বুসকেটস। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে স্প্যানিশ জায়ান্টরা।খেলার দ্বিতীয়ার্ধটা অবশ্য বার্সার জন্য ছিল হতাশার। দানি আলভেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে যায় বার্সা। এই সুযোগটাই কাজে লাগায় প্রতিপক্ষ বেটিস। খেলার ৭১ মিনিটে বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেসের মাথার ওপর দিয়ে বল ঠেলে বেটিসকে সমতায় ফেরান কাস্ত্রো। চার মিনিট পর আবারও ভালদেসকে পরাস্ত করেন কাস্ত্রো।খেলার নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-১-এ এগিয়ে থাকে বেটিস। লা লিগার শেষ ম্যাচে তখন হারের শঙ্কায় গার্দিওলার দল। শেষ পর্যন্ত অবশ্য হারের লজ্জা পেতে হয়নি। ইনজুরি টাইমে দুর্দান্ত এক হেডে বার্সাকে সমতায় আনেন কেইটা।বার্সার হয়ে লা লিগায় নিজের শেষ ম্যাচের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পেপ গার্দিওলা বলেন, ‘আমি মনে করি না, লা লিগা আমাকে মিস করবে। লিগ এর আগেও হয়েছে, আমি চলে গেলেও একইভাবে চলবে।’এই ম্যাচে দলের পারফরম্যান্স সম্পর্কে গার্দিওলা বলেন, ‘দানি মাঠ ছাড়ার পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আমরা। ১০ জনের দল নিয়ে খেলা সত্যি কঠিন। শেষের দিকে সেইডু অবশ্য ভালো একটি গোল করেছে।’ রয়টার্স।