ড্রয়েই খুশি আর্সেনাল-ইউনাইটেড

আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট একটা ম্যাচই উপহার দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। হয়নি শুধু গোলটাই। গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দুই দল। যদিও তাতে আফসোস নেই কারোরই। ভয়াবহ দুর্দশার মধ্যে থাকা দলকে যে আরেকবার হারের মুখ দেখতে হয়নি, সে জন্যই খুশি ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে গত ম্যাচেই ৫ গোল হজম করা আর্সেনালও সন্তুষ্ট গোল ঠেকাতে পেরে।
গোলের সুযোগ অবশ্য দুই দলেরই এসেছিল বেশ কয়েকটি। শুরুতেই আর্সেনালের রক্ষণভাগের ভুলে মোক্ষম একটা সুযোগ পেয়েছিলেন রবিন ফন পার্সি। একেবারে ফাঁকায় বল পেয়েও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বলটা জালে জড়াতে পারেননি এই ডাচ স্ট্রাইকার। দুই মিনিট পরে গোলের সুযোগ এসেছিল আর্সেনালেরও। গোলপোস্টের একেবারে সামনে দাঁড়িয়েও হেড করে বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি অলিভার গিরোড। ৭৮ মিনিটে ফন পার্সির আরেকটি গোলপ্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন আর্সেনালের গোলরক্ষক শেজনি।
লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটা ৫-১ গোলে হেরেছিল আর্সেনাল। সেই প্রভাবটা যে এই ম্যাচেও পড়েছে, সেটা স্বীকারই করে নিয়েছেন গানারদের কোচ আর্সেন ওয়েঙ্গার, ‘গত শনিবারে আমরা অনেকগুলো গোল হজম করেছি। এ জন্য আজ আমরা রক্ষণভাগেই বেশি জোর দিয়েছি। আজ না হারাটাই ছিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ গোল হজম না করায় খুশি ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ডেভিড ময়েসও, ‘পুরো ম্যাচেই আমাদের রক্ষণভাগ খুব ভালো করেছে। আমার মনে হয় এই ম্যাচে আমরা ভালোই খেলেছি।’
গতকাল জয় পেলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারত আর্সেনাল। কিন্তু গোলশূন্য ড্র করায় এখন দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে গানারদের। ২৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেলসি। অন্যদিকে ৪২ পয়েন্ট নিয়ে এখনো সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।— রয়টার্স