ড্রয়েই খুশি ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ডকে নিয়ে এবারই সমর্থকদের প্রত্যাশা বোধ হয় সবচেয়ে কম। গত পরশু প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দল সাজাতে বিস্তর কাঠখড় পোড়ানো রয় হজসন তাই একটা বাহবা পেতেই পারেন। আর ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অধিনায়ক স্টিফেন জেরার্ড রক্ষণভাগকেই মূল কৃতিত্বটা দিচ্ছেন, ‘আমার মনে হয় রক্ষণটা আমরা দারুণভাবেই করেছি, আর যখন বল আমাদের দখলে ছিল, তখন আমরা মাঝেমধ্যেই বিপজ্জনক হয়ে উঠছিলাম, তাই আমি সন্তুষ্টই।’ইউরোর আগে মাত্র দুটি ম্যাচে দলকে দেখার সুযোগ পেয়েছেন কোচ হজসন। এত অল্প সময়ে মানিয়ে নেওয়ার জন্য জেরার্ড সতীর্থদের পিঠ চাপড়ে দিচ্ছেন, ‘ছেলেরা আমাদের ট্যাকটিকসের সঙ্গে দ্রুতই খাপ খাইয়ে নিয়েছে। ১ পয়েন্ট খারাপ নয়, এটার ওপর ভর করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং সুইডেনের সঙ্গে জিততে হবে।’ ইংল্যান্ড কোচ হজসনও একই সুরে সামনের ম্যাচে আরও ভালো খেলার প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘আমার মনে হয়, এই ম্যাচটা সামনের ম্যাচের জন্য ভালো একটা ভিত্তি। সামনেই সুইডেনের সঙ্গে খেলা, দেখা যাক কী হয়।’ফ্রান্স অবশ্য জিততে না পারায় খানিকটা আশাহতই, পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলার পর সেটাই স্বাভাবিক। ফ্রান্স কোচ লঁরা ব্লাঁ তার পরও পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য দলকে কৃতিত্বই দিচ্ছেন, ‘আমি পুরোপুরি খুশি নই, আবার একেবারে অখুশিও নই। আমাদের একটু বাস্তববাদী হতে হবে। গোল খাওয়ার পর গা ঝাড়া না দিলে আমরা ম্যাচটা হেরেও যেতে পারতাম, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক।’মজার ব্যাপার হলো, ইংলিশ মিডিয়াও স্বভাববিরুদ্ধভাবে ড্রয়ের পর হজসন-বন্দনায় মেতেছে। ডেইলি সান বলছে, হজসনের একটা ‘স্যালুট’ প্রাপ্য; গার্ডিয়ান-এর মতে, ‘এটি মোটামুটিভাবে সন্তোষজনক ফল।’ ফরাসি সংবাদমাধ্যমে অবশ্য জয় না পাওয়ায় একটু হতাশার সুরই বেজেছে। এএফপি।