ড্রয়েই শেষ হলো ব্রিসবেন টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডন ব্র্যাডম্যানের পর তৃতীয় অস্ট্রেলীয় হিসেবে এক বছরে তৃতীয় ডাবল সেঞ্চুরিটি ক্লার্ক পেয়েছিলেন চতুর্থ দিনেই। পঞ্চম দিনে ব্রিসবেন টেস্ট ড্র হচ্ছে ধরে নিয়ে সেই কীর্তি আরও সামনে নিয়ে যেতে পারতেন। ব্যক্তিগত রান ২৫৯ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ক্যারিয়ারে আরও একটি ট্রিপল সেঞ্চুরি পেয়ে যাওয়ার চেষ্টা তিনি চালালেও চালাতে পারতেন। কিন্তু জয়ের নেশা তাঁকে সেই পথে হাঁটাল না। স্কোরবোর্ডে দলীয় স্কোর ৫৬৫-তে তুলে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১১৫ রানে এগিয়ে থেকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখেছিলেন মাইকেল ক্লার্ক। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের পাঁচটি উইকেট তুলে নিয়ে সেই স্বপ্ন পূরণ করার পথে এগিয়েও গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত জ্যাক ক্যালিস আর হাশিম আমলার দৃঢ়তাপূর্ণ ব্যাটিং অসিদের সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। আভাসমতো ড্রয়েই শেষ হয়েছে ব্রিসবেন টেস্ট।প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৫০ রান তাড়া করতে নেমে নিজেদের এই বিশাল সংগ্রহ আক্ষেপ রেখে যেতেই পারে অসিদের মনে। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনটি বৃষ্টি এসে মাটি করে না দিলে এই ম্যাচে নিশ্চিতভাবেই জয়ের খোঁজ করতে পারত অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার কিছুটা স্নায়বিক ব্যাটিং অস্ট্রেলিয়ার সেই আক্ষেপটি বরং বাড়িয়েছে।ব্রিসবেন টেস্টে ছিল রানের বন্যা। সেই সঙ্গে ছিল ব্যক্তিগত ব্যাটিংয়ের অনবদ্য প্রদর্শনী। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন হাশিম আমলা ও জ্যাক ক্যালিস। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রাথমিক বিপর্যয় সামলে এড কাওয়ান ও মাইকেল ক্লার্কের দুর্দান্ত জবাব দর্শকদের উপহার দিয়েছে আরও দুটি চমত্কার ইনিংস। কাওয়ান পেয়েছেন নিজের প্রথম টেস্ট শতকটি (১৩৬)। মাইকেল ক্লার্কের ইনিংসে বিতং তো বর্ণনা করা হয়েছে ম্যাচ রিপোর্টের শুরুতেই। শেষ বেলায় এসে মাইক হাসিও আর হাত-পা গুটিয়ে বসে থাকতে পারলেন না। নিজের ১৭তম টেস্ট সেঞ্চুরিটি করে ব্রিসবেন টেস্টকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। ব্রিসবেনের গ্যাবা আর কখনোই এক টেস্টে পাঁচটি শতরান দেখেনি। এর মধ্যে একটি আবার আড়াই শ রানের ওপর। অস্ট্রেলিয়া ৫৬৫ রান তুলে ফেলার পর দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা জবাব দিতে নেমেছিল ১১৫ রান পিছিয়ে থেকে। দ্বিতীয় ইনিংসে মাঠে নেমে প্রথমেই উইকেট হারায় তারা। দলীয় ৬ রানে ফিরে যান পিটারসেন। এরপর দলীয় ৫৫ রানে অধিনায়ক গ্রায়েম স্মিথ ফিরে গেলে অস্ট্রেলিয়া জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের জুটি প্রতিরোধ গড়ে তুললেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১০২ রানে ব্যক্তিগত ৩৮ রানে ফিরে যান আমলা। আমলা আউট হয়ে যাওয়ার পর জ্যাক ক্যালিসও আর কোনো ঝুঁকি নিতে চাননি। খোলসের মধ্যে নিজেকে বেঁধে ফেলে ম্যাচটি ড্রয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। এবি ডি ভিলিয়ার্সের সহযোগিতায় শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে মান বাঁচায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ১৬৬ থাকা অবস্থাতেই পর্দা নেমে যায় ব্রিসবেন টেস্টের। ব্যাটসম্যানদের রাজত্বের টেস্টে দুই ইনিংসেই বল হাতে সফল ছিলেন অস্ট্রেলিয়ার জেমস প্যাটিনসন। তিনি প্রথম ইনিংসে তিন উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তুলে নেন দুটি উইকেট। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে লিওন ৪১ রানে দুই উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছিলেন প্রোটিয়া শিবিরে। সূত্র: রয়টার্স।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৪৫০/৯ (প্রথম ইনিংস, ১৫১.৪ ওভার)জ্যাক ক্যালিস ১৪৭, হাশিম আমলা ১০৪প্যাটিনসন ৩/৯৩, হিলফেনহস ২/৭৩অস্ট্রেলিয়া: ৫৬৫/৫ ডিক্লে. (প্রথম ইনিংস, ১৩৮ ওভার)মাইকেল ক্লার্ক ২৫৯*, এড কাওয়ান ১৩৬, মাইক হাসি ১০০ডেল স্টেইন ১/১২৯, মরকেল ২/১২৭দক্ষিণ আফ্রিকা ১৬৬/৫ (৬৮ ওভার, দ্বিতীয় ইনিংস)জ্যাক ক্যালিস ৪৯, আমলা ৩৮, এবি ডি ভিলিয়ার্স ২৯লিওন ২/৪১, প্যাটিনসন ২/৫৮, সিডল ১/৩৮( ফলাফল: ব্রিসবেন টেস্ট ড্র)