ড্রয়েও এমন রোমাঞ্চ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক ইনিংস খেলে রানআউট হয়ে গেলেন ফ্যাফ ডু প্লেসিস। হাতছোঁয়া দূরত্বে এসেও জয়টা অধরা থেকে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। রোমাঞ্চকর শেষ দিনে ড্র হলো জোহানেসবার্গ টেস্ট ।  এএফপি
দুর্দান্ত এক ইনিংস খেলে রানআউট হয়ে গেলেন ফ্যাফ ডু প্লেসিস। হাতছোঁয়া দূরত্বে এসেও জয়টা অধরা থেকে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। রোমাঞ্চকর শেষ দিনে ড্র হলো জোহানেসবার্গ টেস্ট । এএফপি

‘গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট।’ অতিব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া এই কথাটিই তবু কখনো কখনো হয়ে ওঠে সবচেয়ে মানানসই। কিংবা কে জানে, জোহানেসবার্গে যা হলো, তা ধারণ করার সামর্থ্য নেই এই বহুল ব্যবহূত কথাটিরও!
শেষ পর্যন্ত ফলটা অপ্রত্যাশিত নয়। ম্যাচ ড্র। কিন্তু যেভাবে তা হলো, সেটি হার মানায় রহস্য উপন্যাস কিংবা থ্রিলার সিনেমার শিহরণ জাগানো শেষাঙ্ককেও। একদম শেষবেলায় ইতিহাস গড়ার রোমাঞ্চের পথে না হেঁটে দক্ষিণ আফ্রিকা ড্র করার নিরাপদ পথে হাঁটায় জল পড়ল সব উত্তেজনায়। তবে এর আগে নাটকীয়তার যে রোলারকোস্টার বইল ওয়ান্ডারার্সে, টেস্ট ক্রিকেট সেটি খুব বেশি দেখেনি।
চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিংয়ে নামল, ভারতের জয়টাই ছিল সবচেয়ে সম্ভাব্য ফল। শেষ দিন খেলা শুরুর সময়ও তা-ই। শেষ দিনে ৩২০ রান অসম্ভবের কাছাকাছি, ৮ উইকেট হাতে নিয়ে দিন কাটিয়ে দেওয়া তো ভীষণ কঠিন। ৮ উইকেট তুলে নেওয়া বরং অনেক সহজ। কিন্তু ১৩৬ বছর আর ২১০৮ ম্যাচের টেস্ট ইতিহাসে আগে যা কখনো হয়নি, ক্রিকেটীয় অনিশ্চয়তার যাবতীয় উদাহরণ মনে রেখেও যেটিকে মনে করা হচ্ছিল অসম্ভব, সেটিই প্রায় সম্ভব করে ছাড়ছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত যে পারল না, সেটি হয়তো তারা দক্ষিণ আফ্রিকা বলেই!
শেষ বিকেলে জহির খানের শর্ট বলটিকে দুর্দান্ত এক পুলে যখন বাউন্ডারিতে পাঠালেন ফ্যাফ ডু প্লেসিস, ৪ উইকেট হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২১ বলে ১৬। দুই বল পর অজিঙ্কা রাহানের সরাসরি থ্রোতে ডু প্লেসিসের রানআউটেই ঘুরল মোড়। জয়ের হাতছানি আচমকাই হারের ভয়ে রূপান্তরিত। অবিশ্বাস্যভাবে পরের ১৫ বলে আর রানই হলো না! দৃষ্টিকটুভাবে ব্যাটে বল লাগানোর চেষ্টাই করলেন না স্টেইন-ফিল্যান্ডাররা। নখ কামড়ানো ম্যাচটি তাই শেষ পর্যন্ত ড্র। ম্যাচের শেষ বলে ছক্কা মেরে স্টেইন আক্ষেপ আরও বাড়ালেন।
দিনের শুরুতে অবশ্য ড্রটাই ছিল দক্ষিণ আফ্রিকার কাছে পরম কাঙ্ক্ষিত। বছর খানেক আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ৬ উইকেট নিয়ে শেষ দিন শুরু করে অসাধারণ এক ড্র আদায় করেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার শেষ দিনের দুই নায়ক ডু প্লেসিস ও ডি ভিলিয়ার্সের ব্যাট কাল স্বপ্ন দেখাচ্ছিল জয়ের। দুজনের অসাধারণ দুটি সেঞ্চুরি আর ২০৫ রানের জুটিতে অকল্পনীয় ভাবনাটিকেই প্রায় বাস্তব করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচটি ড্র করেও জয়ের স্বাদ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, কাল মনে হতে পারে উল্টোটি! টেন ক্রিকেট।