ড্রয়েও খুশি মোরেনো
ডাগ-আউটে তাঁকে স্থির থাকতে দেখা গেছে খুব কমই। সারাক্ষণ চিৎকার করে ফুটবলারদের নির্দেশনা দিয়েছেন ও উৎসাহ জুগিয়েছেন বাংলাদেশ অলিম্পিক দলের কোচ গঞ্জালো মোরেনো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও হাসি-খুশি এই স্প্যানিশ। কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল মোরেনোর প্রথম পরীক্ষা। তা পরীক্ষায় ভালোমতোই উতরে গেলেন।
এগিয়ে যাওয়ার পরও যদিও ড্র হয়েছে ম্যাচ, মোরেনো এতেই আনন্দিত, ‘আমাদের জন্য খুব কঠিন ম্যাচ ছিল এটা। ছেলেরা যেমন খেলেছে তাতে আমি খুব খুশি।’
কোচের কাছে একমাত্র উদ্বেগের বিষয় ফরোয়ার্ডদের ব্যর্থতা। তবে পরের ম্যাচে এগুলো শুধরে ওঠার প্রতিশ্রুতিই দিলেন মোরেনো, ‘দুই-তিনটি ভালো সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি ছেলেরা। অনেকে তো একা খেলারও চেষ্টা করেছে। আসলে এত দিন আমরা শুধু ফিটনেস নিয়ে কাজ করেছি। ট্যাকটিক্যাল সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারিনি। আশা করি, পরের ম্যাচগুলোতে এই ভুলগুলো শুধরে নিতে পারব।’
ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল পেয়ে উচ্ছ্বসিত ইউসুফ সিফাত, ‘আমার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল বলেই আনন্দে জার্সি খুলে ফেলেছিলাম।’ তবে গোল দিয়েও ধরে রাখতে না পারার ব্যর্থতা তিনি স্বীকার করে নিলেন, ‘ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। গোল দেওয়ার পর নিজেদের ভেতরে আলোচনা করেছিলাম পায়ে পায়ে খেলব। কিন্তু এক ডিফেন্ডারের ভুলে গোলটা খেয়েছি। এমন বড় ম্যাচে ছোট ছোট ভুল করলে সেটার খেসারত দিতেই হয়। তবে পরের ম্যাচে আশা করি এমনটা হবে না।’ সিফাতের চোখ এখন সেমিফাইনালে, ‘সবাই চেষ্টা করব মালদ্বীপের সঙ্গে পরের ম্যাচটি জিততে। তা হলেই সেমিতে খেলা সম্ভব। আশা করি আমরা পারব।’
মজার ব্যাপার হলো ম্যাচ ড্র হওয়ায় বাহরাইন কোচ মারজান ইদও সন্তুষ্ট, ‘আমি এই ফল নিয়ে খুশি। এই ম্যাচে অনেক ভুল হয়েছে, তারপরও প্রথম ম্যাচ হিসেবে ভালো খেলেছে ছেলেরা। এখনই সেমিফাইনালের কথা ভাবছি না। আমরা শুধু পরের ম্যাচটা নিয়েই ভাবছি।’