ড্রয়ের একই অর্ধে ফেদেরার-নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম মানেই ছিল ফেদেরার-নাদাল ফাইনালের প্রত্যাশা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুটি স্থানকে প্রায় নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন। ধরে রেখেছিলেন বিশ্ব টেনিসে চিরায়ত ব্যক্তি-দ্বৈরথের ধারাও। তাঁদের সেই দাপটে এখন ভাটার টান। নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন নোভাক জোকোভিচ। এর প্রতিফলন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্রতেও। ২০০৫ ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ড্রয়ের একই অর্ধে পড়েছেন তাঁরা।এর অর্থ, ফাইনালটা আর দুজনের মধ্যে হচ্ছে না। জয়ের ধারায় থাকলে দেখা হয়ে যাবে সেমিফাইনালেই। অন্য অর্ধে শীর্ষ বাছাই ও বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ সেমিফাইনালে উঠলে সেখানে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী চতুর্থ বাছাই অ্যান্ডি মারে।জোকোভিচের শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে র‌্যাঙ্কিংয়ে ১০৮ নম্বর ইতালির পাওলো লরেঞ্জির বিপক্ষে ম্যাচ দিয়ে। গত বছর তাঁর টানা সাতটি ট্রফির প্রথমটি এসেছিল অস্ট্রেলিয়ান ওপেনেই। কোয়ার্টার ফাইনালে জোকোভিচ মুখোমুখি হতে পারেন পঞ্চম বাছাই স্প্যানিশ ডেভিড ফেরারের। মারে ২০০৮ সালের ফাইনালিস্ট জো-উইলফ্রায়েড সোঙ্গার। অবাছাই প্রতিযোগীর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করতে যাওয়া নাদালের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ সপ্তম বাছাই টমাস বার্ডিচ। আর চারবারের চ্যাম্পিয়ন ফেদেরারের সঙ্গে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে অষ্টম বাছাই মার্ডি ফিশের। নাদালের মতো ফেদেরারেরও প্রথম প্রতিপক্ষ অবাছাই প্রতিযোগী।মহিলা বিভাগে শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকির ড্র-ভাগ্যটা খুব সদয় হয়নি। শেষ আটেই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লি নার সঙ্গে দেখা হওয়ার কথা। প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপাপ্রত্যাশী ওজনিয়াকির অর্ধে আছেন বর্তমান চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স, তৃতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ও ‘দৈত্য-ঘাতক’ আগনিয়েস্কা রাদওয়ানস্কাও।মহিলা বিভাগের ড্রয়ের অন্য অর্ধে দ্বিতীয় বাছাই পেত্রা কেভিতোভার সঙ্গে আছেন ১৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা উইলিয়ামস, ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুর ও সাবেক ১ নম্বর মারিয়া শারাপোভা। এএফপি।