ড্রয়ের দিনে হাসি শুধু এমিলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম দিনে পরশু তিন ম্যাচে ১৩টি গোল দেখেছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। কিন্তু কাল তিন ম্যাচে গোল হলো মাত্র ৫টি! কমলাপুরে চট্টগ্রাম আবাহনী রুখে দিয়েছে মুক্তিযোদ্ধাকে। কমলাপুরে গোলশূন্য এই ড্রয়ের পর বিজেএমসিকেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে গোলশূন্য রুখে দিয়েছে আরামবাগ। শেষ ম্যাচে ফেবারিট শেখ রাসেল ৩-২ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। রাসেলের উদ্ধারকর্তা এমিলি করেছেন জোড়া গোল। অন্যটি করেছেন সনি নর্দে। ব্রাদার্সের দুটি গোলই কিংসলের।চ্যাম্পিয়নশিপ লিগ থেকে স্বাধীনতা কাপে প্রতিনিধিত্ব করা একমাত্র দল চট্টগ্রাম আবাহনী খেলেছে কোনো বিদেশি ছাড়াই। বাফুফের বৈষম্যের বলি হয়েও তারা তুলনামূলক শক্তিশালী মুক্তিযোদ্ধার সঙ্গে সমানতালে লড়াই করেছে। উল্টো বিদেশিরাই ভরাডুবি ঘটিয়েছে মুক্তিযোদ্ধার। ব্রাজিলিয়ান টাইসন গোটা চারেক সহজ সুযোগ নষ্ট করেছেন। ম্যাচের ১০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক সলিমুল্লাহকে একা পেয়েও গোল করতে পারেননি। বক্সের ভেতরে টাইসন বল নিজের নিয়ন্ত্রণেই রাখতে পারেননি। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম হতাশ কণ্ঠে বললেন, ‘এভাবে সহজ সুযোগ নষ্ট করলে তো জেতা যাবে না। সেমিতে ওঠাটা কঠিন হয়ে গেল!’আরামবাগের বিপক্ষে বিজেএমসি জয়ের প্রত্যাশা নিয়েই নেমেছিল। কিন্তু ইসমাইল বাঙ্গুরা ও তকলিচ সমানে নষ্ট করেছেন গোলের সুযোগ। বিজেএমসির কোচ জাকারিয়া বাবু প্রচণ্ড হতাশ তাঁদের খেলায়, ‘অন্তত ৩-৪ গোলে জেতা উচিত ছিল আমাদের। কিন্তু স্ট্রাইকাররা সমানে মিস করেছে। সেমিফাইনালে যেতে হলে পরের ম্যাচে অবশ্যই জিততে হবে।’সবচেয়ে জমজমাট লড়াইটা হয়েছে শেষ ম্যাচে। শিরোপাপ্রত্যাশী শেখ রাসেলের সঙ্গে সমানে লড়াই করে গেছে ব্রাদার্স। প্রথম থেকেই দুর্দান্ত আক্রমণে শেখ রাসেলের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন ব্রাদার্সের কিংসলে। ম্যাচের ১৫ মিনিটে রাসেলের ডিফেন্ডার আব্বাস ইনুসাহকে কাটিয়ে চমৎকার শটে গোল করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড (১-০)। তবে গোল খেয়ে আহত বাঘের মতো খেপে ওঠে যেন রাসেল। খেলায় ফিরে আসে দারুণভাবে। ২৩ মিনিটে আনোয়ারের পাস থেকে সমতায় ফেরান জাহিদ হাসান এমিলি (১-১)। যদিও ব্রাদার্সকে আবারও জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সেই কিংসলেই, ৩৩ মিনিটে স্যামসনের ক্রস থেকে আলতো টোকায় ২-১ করেন স্কোরলাইন।দ্বিতীয়ার্ধের খেলা শুরুর আগে মাঠে হয়েছে একদফা নাটক। নিরাপত্তার অজুহাতে মাঠে নামতে অস্বীকৃতি জানান রেফারিরা। খেলা বন্ধ থাকে প্রায় মিনিট ১৫। মাঠে ওই সময় কোনো পুলিশই ছিল না। তবে আবারও মাঠে পুলিশ নিয়ে আসেন বাফুফের কর্মকর্তারা। ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তারা তখন প্রেসবক্সে ঢুকে অসন্তুষ্টি প্রকাশ করেন। অবশেষে খেলা শুরু হলে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রাসেল। ৫৬ মিনিটে সনি নর্দের গোলে সমতায় ফেরে রাসেল (২-২)। আর ৭৫ মিনিটে শেখ রাসেলকে জয় উপহার দেন এমিলি (৩-২)। বলের জোগানদাতা হাইতিয়ান মিডফিল্ডার নর্দে, এমিলি শুধু মাথা ছুঁয়ে বল জালে পাঠিয়েছেন।