নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে কার্ডিফ টেস্ট। বৃষ্টির কারণে কাল সারা দিনে খেলা হয়েছে মাত্র ৬৩ ওভার। কাল চতুর্থ দিনের খেলাই শুরু হয় লাঞ্চের পরে বেলা আড়াইটায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজও বৃষ্টি হবে। আর এখনো শেষ হয়নি ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৫ উইকেটে ৪৯১ রানে দিন শেষ করা ইংল্যান্ড এগিয়ে আছে ৯১ রানে। টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থেকে দিন শেষ করেছেন ইয়ান বেল। ৯৮ রানে অপরাজিত বেল অ্যাশেজের শেষ টেস্টে করেছিলেন ১১৫ রান। স্পিনে বরাবরই দক্ষ ইয়ান বেল শুরুতেই ছয় মেরেছেন হেরাথকে। ১৯ রানে গালিতে সাঙ্গাকারার হাতে অবশ্য জীবন পেয়েছেন একবার। কালকের প্রথম সেশনটায় টানা বোলিং করেছেন মাহারুফ ও হেরাথ। টানা ১২ ওভার মাহারুফ, ১১ ওভার হেরাথ। এর আগে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছেন জোনাথন ট্রট। ৩৯৮ বলে এসেছে তাঁর ২০০। তবে এরপর বেশি এগোতে পারেননি। ১৭টি চারে ২০৩ রান করার পর দিলশানের বলে বোল্ড হয়েছেন। তাই বাংলাদেশের বিপক্ষে গত বছর লর্ডসে করা ২২৬-ই রইল তাঁর সর্বোচ্চ টেস্ট ইনিংস। ডাবল সেঞ্চুরির পথে পঞ্চম উইকেটে বেলকে সঙ্গী করে করেছেন ১৬০ রান।আগের দিনের ২৪০ রানে কুক-ট্রটের অবিচ্ছিন্ন জুটিটা কাল আর মাত্র ১১ বাড়তে পেরেছে। মাহারুফের একটু বাড়তি লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে প্রসন্ন জয়াবর্ধনের গ্লাভসবন্দী কুক। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি পিটারসেনও। ওয়েবসাইট।