ড্রয়ের পর ড্রেসিংরুমে উত্তেজনা
ম্যাচ শেষে অন্যরা যখন হতাশ হয়ে ড্রেসিংরুমের পথ ধরেছেন, রাসেল মাহমুদকে (জিমি) দেখা গেল ক্ষুব্ধ। হাতের মুঠো গলে জয়টা এভাবে বেরিয়ে যাবে তা হয়তো তিনি কল্পনাও করেননি। আগের ম্যাচে বাংলাদেশ ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। রবি এশিয়ান গেমস বাছাই হকিতে কাল শ্রীলঙ্কার সঙ্গেও ড্র (৩-৩) করল। চ্যাম্পিয়ন, রানার্সআপ হওয়া দূরে থাক এখন এশিয়ান গেমসের বাছাইপর্ব উতরানোই কঠিন হয়ে গেল। ৪ ম্যাচে ১ জয়, ২ ড্র ও ১ হারে ৫ পয়েন্ট বাংলাদেশের। অবশ্য ফেডারেশনের দাবি, শীর্ষ দুই দল নয়, সাত জাতির এই টুর্নামেন্ট থেকে ৬টি দল যাবে চূড়ান্ত পর্বে!টুর্নামেন্টে এ পর্যন্ত একটিও জয় না পাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা অনুমিতই ছিল বাংলাদেশের। প্রত্যাশা অনুযায়ী সেভাবেই এগোচ্ছিল ম্যাচের গতিপ্রকৃতি। কিন্তু শেষ বাঁশি বাজার ৪ মিনিট আগে মামুনুর রহমানের (চয়ন) ভুলের খেসারত দিতে হলো বাংলাদেশকে। ডি-বক্সের ভেতরে পাওয়া একটি বলের গতি রোধ করেন স্টিকের উল্টো দিক দিয়ে। নিয়ম অনুসারে পেনাল্টি স্ট্রোক দেন আম্পায়ার। ৩-২-এ এগিয়ে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ড্র করেছে অনেক ঘাম ঝরিয়ে। গত ম্যাচগুলোর ভুল থেকে শিক্ষা নেওয়া বাংলাদেশকে কাল আক্রমণাত্মক খেলেছে শুরু থেকেই। ছোট পাসের বদলে খেলেছে লম্বা পাসে। আক্রমণগুলোও ছিল অনেক পরিকল্পিত। ১০ মিনিটেই মাকসুদ আলমের (হাবুল) গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। প্রথমার্ধে ১-০-তে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে পায় প্রথম পেনাল্টি কর্নার। তবে তা থেকে গোল করতে পারেনি বাংলাদেশ। ৪১ মিনিটে মামুনুরের হিটটা দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক তুসিথ রত্নাসিরি। এর পর ৪৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল শোধ করেন শ্রীলঙ্কার হেতিয়ারাচ্চি। এর পরই শুরু দুই দলের ইঁদুর-বিড়াল খেলা। একবার বাংলাদেশ এগিয়ে যায় তো পরক্ষণেই শ্রীলঙ্কা! ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন মামুনুর, ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে শ্রীলঙ্কার পণ্ডিতারত্নে। এর ৩ মিনিট পর গোল করেন পুষ্কর খীসা (মিমো)। কিন্তু বাকি ১২ মিনিট বাংলাদেশ যেমন এই গোলটি ধরে রাখতে পারেনি, তেমনই পারেনি ব্যবধান বাড়িয়ে নিতেও। উল্টো ৬৬ মিনিটে মামুনুরের উপহার দেওয়া পেনাল্টি স্ট্রোকে ম্যাচ ড্র করে ফেলে শ্রীলঙ্কা।ম্যাচ শেষে কোচ পিটার গেরহার্ড যখন ড্রয়ের ময়নাতদন্ত তুলে ধরছেন সাংবাদিকদের কাছে, পাশের ড্রেসিংরুম থেকে ভেসে আসছিল বাদানুবাদের তীব্র ঝাঁজ। রাসেল মাহমুদ ও মামুনুরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় থামাতে এগিয়ে আসেন সহকারী কোচ আবদুল্লাহ পিরু। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় জানান, ‘চয়ন বারবার পেনাল্টি কর্নার মিস করাতেই উত্তেজিত হয়ে পড়েছিল জিমি। ও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বলেই সিনিয়র হিসেবে ও চয়নের কাছে এটা জানতে চেয়েছিল।’ তবে এ ঘটনা খেলায় কোনো প্রভাব পড়বে না বলে দাবি করলেন মামুনুর। একই দাবি দলের অন্য সবারও। আর এটাই কাম্য দেশের হকিপ্রেমী জনতার। আগামীকাল বেলা ২টায় বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর।ওমানের জয়: কাল দিনের অন্য ম্যাচে ওমান ৪-২ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। হংকং ও চীনা তাইপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।