ড্রয়ের ফাঁদে আবাহনী-জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালী ফয়সাল ও মোহাম্মদ সুজন আটকে দিলেন সনি নর্দেকে। কাল আবাহনী আটকে দিয়েছে নর্দের শেখ জামালকে  প্রথম আলো
ওয়ালী ফয়সাল ও মোহাম্মদ সুজন আটকে দিলেন সনি নর্দেকে। কাল আবাহনী আটকে দিয়েছে নর্দের শেখ জামালকে প্রথম আলো

ম্যাচের শেষ দিকে ওসেই মরিসন ফাঁকা পোস্ট পেয়েও অবিশ্বাস্যভাবে বাইরে মারলেন। ঘানাইয়ান স্ট্রাইকারের এমন হেলায় সুযোগ হারানো আবাহনীর সমর্থকদের চোখের জন্য পীড়াদায়কই। মরিসনের সৌজন্যে বেঁচে গিয়ে একটা পয়েন্ট ঘরে তুলেছে শেখ জামাল। ম্যাচের পর তাই শেখ জামালের কোচ যোসেফ আপুসির মুখে একটু হলেও হাসি।
সেই হাসিটা চওড়া হতে পারত পোস্ট দুবার বাধা হয়ে না দাঁড়ালে। গোল করতে না পারলেও গোল না খাওয়া আবাহনীর জন্যও স্বস্তির। যদিও জিততে না পারার আফসোসও সঙ্গী আকাশি-নীলের। তবে আবাহনী-শেখ জামাল গোলশূন্য দ্বৈরথ দু দলকেই এক পয়েন্ট করে দিয়েছে ম্যাচের সঙ্গে সামঞ্জস্য রেখে।
কিন্তু কলকাতা মাতিয়ে আসা শেখ জামালের পায়ে সেই চোখ জুড়ানো ফুটবল কোথায়? সনি নর্দের সেই ড্রিবলিং, প্রতিপক্ষ রক্ষণকে ঘোল খাইয়ে গোলে শট কোথায় হারাল? নর্দের সঙ্গে আক্রমণে ওয়েডসন আর এমেকার খুনে মেজাজেরই বা কী হলো?
এসব প্রশ্নের উত্তর একটাই—কলকাতায় খেলে এসে ঢাকায় এখন মানিয়ে নিতে সমস্যা হচ্ছে শেখ জামালের! নর্দেরা সব নৈপুণ্য যেন কলকাতাতেই দেখিয়ে এসেছেন। দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ গড়লেও শেখ জামালের ‘টিকি-টাকা’ ফুটবলের দেখা মেলেনি। ‘বিল্ড আপ’ আক্রমণ কমই হলো। বক্সে ক্রস, লব, উঠেছে ওয়েডসন-এমেকাকে লক্ষ্য করে। সেসব সামলাতে আবাহনী রক্ষণকে তেমন পরীক্ষা দিতে হয়নি। পরীক্ষা যিনি নেবেন, সেই নর্দের চোরা দৌড় চোখে পড়ল না। গোলের জন্য আবাহনীর সবচেয়ে বড় ভরসা মরিসন ভুগলেন জড়তায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নর্দে-মরিসন লড়াইটা সে অর্থে জমলই না।
তারই ফল—প্রিমিয়ার লিগে দুই শিরোপা প্রত্যাশীর টানা তৃতীয় ড্র! ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের প্রথম পর্ব শেষ করেছে আবাহনী, আপাতত তারাই শীর্ষে। দুই ম্যাচ কম খেলে শেখ জামালের পয়েন্ট ১৫। বাকি দুই ম্যাচ জিতলে আবাহনীকে টপকে প্রথম পর্বে শীর্ষে থাকার সুযোগ আছে শেখ জামালের সামনে।
শীর্ষ স্থান হারানোর শঙ্কার সঙ্গে ‘ফিনিশিং’ সমস্যা—আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি পড়েছেন চিন্তায়। বলছেন, ‘আমার দলে ভালো খেলোয়াড় আছে, কিন্তু দরকার বিপজ্জনক খেলোয়াড়, যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ মরিসনের অমন নিশানা ভেদে ব্যর্থতা দেখে ‘বিপজ্জনক’ খেলোয়াড়ই খোঁজার জন্য টিম ম্যানেজমেন্টকে তাড়া দিচ্ছেন ইরানি কোচ। অন্যদিকে আপুসির অপেক্ষা, নর্দে-ওয়েডসনরা কবে জ্বলে উঠবেন!