ড্রয়ের বৃত্ত ভাঙার ম্যাচ বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল জিতে গেলে বার্সার ওপর একটা মানসিক চাপ থাকবেইড্র, ড্র, ড্র। প্রথমে রিয়াল মাদ্রিদ, এর পর ভিয়ারিয়াল, সর্বশেষ ভ্যালেন্সিয়া। টানা তিন ম্যাচে বার্সেলোনা জয়হীন! একটা ‘বিস্ময়চিহ্ন’ বসাতেই হচ্ছে। কারণ কয়েক বছর ধরে সুন্দর ফুটবলের ফুল ফুটিয়ে চলা বার্সা এর আগে কবে টানা তিন ম্যাচে ড্র করেছে, প্রতারক স্মৃতি সেটা মনেই করতে দিচ্ছে না। তিন ড্রয়ের দুটি আপাতত বাবুরাম সাপুড়ের ঝাঁপি থেকে বের হয়ে আসা সাপের কামড়ের মতো নির্বিষ প্রতিপক্ষের সঙ্গে। রিয়ালের বিপক্ষে ড্রটি কোপা ডেল রের ফিরতি লেগে, দুই লেগ মিলে যে ম্যাচ বার্সা জিতেই এসেছে। কাপেরই আরেকটি ড্র ভ্যালেন্সিয়ার বিপক্ষে, বার্সা নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে বলে ফাইনালে ওঠার সম্ভাবনা তাঁদের দিকেই বেশি ঝুঁকে আছে। কিন্তু একটা ড্র বার্সাকে আসলেই কোণঠাসা করে ফেলেছে। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে গত ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান হয়ে গেছে সাত। স্প্যানিশ লিগের সাম্প্রতিক মৌসুমগুলোর অভিজ্ঞতা বলছে, সাত পয়েন্ট আসলে ‘সা-ত’ পয়েন্ট। বিশাল ব্যবধান। সেই ব্যবধান আজ দশে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে রিয়াল। গেটাফের মাঠে গিয়ে খেলবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ২৭ ম্যাচের ২৪টিতেই জয় পাওয়া হোসে মরিনহোর দল। রিয়াল জিতে গেলে বার্সার ওপর একটা মানসিক চাপ থাকবেই। সেই চাপ নিয়ে পরের ম্যাচে তারা নিজেদের মাঠে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। ড্রও তাদের জন্য ব্যর্থতা। আর গত তিন ম্যাচের সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে নিশ্চয়ই ফুঁসে আছে বার্সা। গত তিন ম্যাচে লিওনেল মেসিও গোল পাননি। এর মধ্যে গত ম্যাচে পেনাল্টি মিস করার লজ্জাও আছে। অবশ্য মাঝেমধ্যে এমন উপবাস ভালোই! মেসি নিশ্চয়ই প্রবল ক্ষুধা নিয়ে মাঠে নামবেন আজ। সাত পয়েন্ট এগিয়ে থাকাকে অবশ্য রিয়াল গুরুত্ব দিচ্ছে না। মেসুত ওজিলও বললেন, ‘মনে হতে পারে বার্সার সঙ্গে আমরা বড় ব্যবধান তৈরি করে ফেলেছি। কিন্তু আসল ব্যাপারটি হলো, মাত্র দুটি ম্যাচে পা হড়কালেই ওরা আমাদের ধরে ফেলবে।’ এএফপি, রয়টার্স।পয়েন্ট টেবিলের নয়ে থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া একটা দলকে হুমকি দেওয়া শোভা পায় না। অবশ্য মাঠে খেলা গড়ানোর আগেই পরাজয় মেনে নেওয়াও তো ঠিক নয়। এ কারণেই গেটাফে কোচ, রিয়াল গত কয় ম্যাচের কয়টা জিতল সেই পরিসংখ্যানে নয়, চোখ রাখছেন কয় ম্যাচে রিয়াল জিততে পারেনি সেখানেই!রিয়াল সোসিয়েদাদও এমন কিছু করে ফেলতে চাইবে। আর তাদের জন্য প্রেরণার উৎস আছে। গত সেপ্টেম্বরে ১০ আর ১১ মিনিটে সোসিয়েদাদের জালে দুবার বল পাঠিয়ে গোল-উৎসবের আভাস দিয়েছিল বার্সা। শেষ পর্যন্ত ম্যাচটা হয়েছে ২-২ ড্র!এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় দলগুলোর মধ্যে মাঠে নামছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। লিগে টানা চার ম্যাচ জয়ের দেখা পায়নি গানাররা। হেরেছে তিনটি, সর্বশেষ ম্যাচে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্র করেছে। ঘুরে দাঁড়ানোর এই ম্যাচে তাদের প্রতিপক্ষ অবনমন অঞ্চলেরই আরেক দল ব্ল্যাকবার্ন রোভার্স। আগামীকাল চেলসি-ম্যানইউ মহারণ। আজ ফুলহামের বিপক্ষে জয়ের প্রত্যাশায় তাকিয়ে থাকা সিটি চাইবে কাল যেন পরীক্ষাটায় ফেল করে ম্যানইউ!