শারজা টেস্টে ড্র করাই যে শ্রীলঙ্কার লক্ষ্য, সেই আভাস ছিল প্রথম ইনিংসের ব্যাটিংয়েই। কাল তাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং স্পষ্ট করে দিয়েছে, ড্রয়ের বেশি কিছু তারা ভাবছেন না! নাটকীয়ভাবে জয় এসে গেলে অন্য কথা। তবে ১-০ ব্যবধানে সিরিজ জয়ের চেয়ে ভালো কিছু করতে বিন্দুমাত্র ঝুঁকি নিতেও রাজি নন তাঁরা।
সকালে পাকিস্তানকে ৩৪১ রানে থামিয়ে দিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে পেয়ে যায় ৮৭ রানের লিড। অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের সামনে তাই একটু আক্রমণাত্মক হয়ে জয়ের চেষ্টা করার ভালো সুযোগ ছিল। উল্টো রানের কথা ভুলে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা মনোযোগী হলেন উইকেট আঁকড়ে পড়ে থাকার দিকে। সবাই যে তা পেরেছেন, সেটা বলা যাবে না। দিমুথ করুনারত্নে, কুমার সাঙ্গাকারারা ফিরে গেছেন দ্রুতই। তবে কুশল সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অধিনায়ক ম্যাথুসরা মাটি কামড়ে পড়ে থাকার লক্ষ্যে অনেকটাই সফল। ঘুমপাড়ানি ব্যাটিংয়ে দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৭১ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান! রানরেট ১.৮৭। ১৯৯৪ সালের পর এটাই শ্রীলঙ্কানদের সবচেয়ে কম স্ট্রাইক রেটের টেস্ট ইনিংস।
আবদুর রেহমানের বলে বোল্ড হওয়ার আগে সিলভা ৩৬ রান করেছেন ৯৪ বলে। প্রথম ১৪ বলে রান না নেওয়া মাহেলা ৪৬ করেছেন ১৪৪ বলে! এই ইনিংসের পথেই তিনি সাঈদ আজমলকে সুইপ করে ছক্কা মেরে প্রথম শ্রীলঙ্কান হিসেবে ঢুকেছেন টেস্টে ১১ হাজারি রান ক্লাবে। যে ক্লাবে তিনি ছাড়া সদস্য আরও সাতজন। ধৈর্যের পরীক্ষায় অধিনায়ক ম্যাথুস আরও বেশি সফল। উইকেটে আছেন ৯৯ বলে ১৪ রান করে!
ফলে শ্রীলঙ্কার লিডটা বেড়ে ২২০ রানের হলেও ড্র-ই মনে হচ্ছে শারজা টেস্টের সবচেয়ে সম্ভাব্য ফল।
সকালে আগের দিনের ২৯১ রানের সঙ্গে আর ৫০ রান যোগ করতে পারে পাকিস্তান। অধিনায়ক মিসবাহ পেয়েছেন ২৪তম হাফ সেঞ্চুরি। কাল আরও ২ উইকেট নিয়ে রঙ্গনা হেরাথ ক্যারিয়ারের ৫০তম টেস্টে গড়েছেন ৫ উইকেট পাওয়ার কীর্তি। তথ্যসূত্র: ক্রিকইনফো।
টেস্টে ১১ হাজার রান
ম্যাচ ইনিংস অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০
শচীন টেন্ডুলকার ২০০ ৩২৯ ৩৩ ১৫৯২১ ২৪৮* ৫৩.৭৮ ৫১/৬৮
রিকি পন্টিং ১৬৮ ২৮৭ ২৯ ১৩৩৭৮ ২৫৭ ৫১.৮৫ ৪১/৬২
জ্যাক ক্যালিস ১৬৬ ২৮০ ৪০ ১৩২৮৯ ২২৪ ৫৫.৩৭ ৪৫/৫৮
রাহুল দ্রাবিড় ১৬৪ ২৮৬ ৩২ ১৩২৮৮ ২৭০ ৫২.৩১ ৩৬/৬৩
ব্রায়ান লারা ১৩১ ২৩২ ৬ ১১৯৫৩ ৪০০* ৫২.৮৮ ৩৪/৪৮
শিবনারায়ণ চন্দরপল ১৫৩ ২৬১ ৪৫ ১১২১৯ ২০৩* ৫১.৯৩ ২৯/৬২
অ্যালান বোর্ডার ১৫৬ ২৬৫ ৪৪ ১১১৭৪ ২০৫ ৫০.৫৬ ২৭/৬৩
মাহেলা জয়াবর্ধনে ১৪১* ২৩৭ ১৪ ১১০৩৩ ৩৭৪ ৪৯.৪৭ ৩২/৪৫