ঢাকা, খুলনা না রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগে এবার কোনো ফাইনাল নেই। ফাইনালের দরকার কী! আজ শুরু হওয়া শেষ রাউন্ডের সমীকরণটা ফাইনালের চেয়ে কম কিসে? ফাইনালে থাকে দুটি দল কিন্তু এখানে শিরোপার লড়াইয়ে তিন-তিনটি দল।প্রথম পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা খুলনাকে ষষ্ঠ রাউন্ডে হারিয়ে লিগটাকে জমিয়ে তুলেছে ঢাকা বিভাগ। ছয় ম্যাচে খুলনার পয়েন্ট ৩৪, ঢাকা বিভাগের ৩০। সর্বশেষ রাউন্ডে সিলেটকে হারিয়ে কাগজে-কলমে টানা পঞ্চম শিরোপার আশা জিইয়ে রেখেছে রাজশাহী বিভাগও (২৬)। আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি শিরোপার দুই দাবিদার রাজশাহী-খুলনা। জিতলে চার মৌসুম পর শিরোপা ফিরে পাবে খুলনা। ড্র করলে বা রাজশাহী জিতলেও চ্যাম্পিয়ন হতে পারে দলটি, যদি বরিশালের বিপক্ষে না জেতে ঢাকা বিভাগ এবং রাজশাহী একটির বেশি বোনাস পয়েন্ট না পায়। রাজশাহীর কাজটা কঠিন, শুধু জিতলেই হবে না, চাই সম্ভাব্য সব পয়েন্টই (৯) পাশাপাশি ঢাকা বিভাগের হার বা ড্র। ঢাকার হিসাবটা সহজ, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খর্বশক্তির বরিশালকে হারিয়ে নিজেদের কাজটা করে রাখতে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে রাজশাহী-খুলনা ম্যাচের দিকে। শেষ রাউন্ডে অন্য দুটি ম্যাচ—সিলেট-ঢাকা মহানগর (ভেন্যু রংপুর), চট্টগ্রাম-রংপুর (সিলেট)। পয়েন্ট তালিকা ম্যাচ জয় হার ড্র পয়েন্ট* খুলনা বিভাগ ৬ ৫ ১ ০ ৩৪ ঢাকা বিভাগ ৬ ৪ ১ ১ ৩০ রাজশাহী বিভাগ ৬ ৩ ২ ১ ২৬ সিলেট বিভাগ ৬ ২ ২ ২ ২২ ঢাকা মহানগর ৬ ২ ২ ২ ২১ চট্টগ্রাম বিভাগ ৬ ২ ২ ২ ১৯রংপুর বিভাগ ৬ ১ ৪ ১ ১০বরিশাল বিভাগ ৬ ০ ৫ ১ ৩ * বোনাস পয়েন্টসহ