ঢাকা গ্ল্যাডিয়েটরস ও দুরন্ত রাজশাহীর কার্যক্রম স্থগিত
ফ্র্যাঞ্চাইজি ফি এবং খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ দুরন্ত রাজশাহীর কাছে বিসিবির পাওনা প্রায় পাঁচ কোটি টাকা। ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে পাওনার অঙ্কটা তিন কোটি টাকার মতো। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই টাকা পরিশোধ না করায় বিসিবির গতকালের মুলতবি সভায় স্থগিত করা হয়েছে বিপিএলের এই দুই ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম।খেলোয়াড়েরা প্রায় সব ফ্র্যাঞ্চাইজির কাছেই টাকা পান। তবে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং দুরন্ত রাজশাহীর হয়ে খেলোয়াড়দের বকেয়া টাকা শোধ করেছিল বিসিবি। ২০ অক্টোবরের মধ্যে সেই টাকা পরিশোধের সময় বেঁধে দেওয়া হলেও দুই ফ্র্যাঞ্চাইজির কেউই তা করেনি। শাস্তিটা সে কারণেই। সূত্র জানিয়েছে, আগামী ১ নভেম্বরের মধ্যে টাকা শোধ না করলে তাদের ফ্র্যাঞ্চাইজি বাতিল করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে সভায়।বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বোর্ড সভা শেষে কাল বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে তাদের (ফ্র্যাঞ্চাইজি) কাছে কী বার্তা যাবে, সে ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ তারিখের বোর্ড সভায় বিস্তারিত আলোচনা করে এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’১ নভেম্বরের বোর্ড সভার আগে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলবেন সভাপতি। সে আলোচনায়ও যে আসল জায়গায় ছাড় দেওয়া হবে না, সভাপতি তা স্পষ্ট করে দিয়েছেন, ‘যদি আমাদের টাকা পাওয়ার কথা থাকে, আর ওরা সময়মতো না দেয়, তাহলে তা শৃঙ্খলাভঙ্গের মধ্যেই পড়বে। সে ক্ষেত্রে অবশ্যই কঠোর সিদ্ধান্ত নেব।’নাজমুল হাসান সভাপতি হওয়ার পর কোনো কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকের অতি উৎসাহ চোখে পড়ার মতো। বিসিবির পাওনা তো শোধ করেনইনি উল্টো অভিনন্দন জানানোর নামে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে ব্যানারে ঢেকে দিয়ে নেমেছিলেন আত্মপ্রচারে। প্রসঙ্গটা উঠতেই বোর্ড সভাপতির হুঁশিয়ারি, ‘আমার সঙ্গে আজ অনেকেই আছেন। কিন্তু সেটা যদি হয় কোনো ফায়দা লোটার জন্য, সে স্বপ্ন তাঁদের ভেঙে যাবে শিগগিরই।’