ঢাকা গ্ল্যাডিয়েটরসকে উকিল নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের বকেয়া নিয়ে এমনিতেই চাপে আছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। দ্বিতীয় বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে তাদের ওপর চাপ আরও বাড়ল। নতুন চাপে ফেলে দিল ফ্র্যাঞ্চাইজিটির জনসংযোগ প্রতিষ্ঠান ফোরথট পিআর। প্রথম বিপিএলের বকেয়া প্রায় ৮০ লাখ টাকা আদায়ের জন্য বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসকে উকিল নোটিশ পাঠিয়েছে ফোরথট পিআর।১৭ ডিসেম্বর পাঠানো উকিল নোটিশে বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামীকাল ২০ ডিসেম্বরের মধ্যে। ফোরথট পিআরের গণমাধ্যম সম্পর্ক ব্যবস্থাপক এমরান মাহবুব কাল বলেছেন, ‘শুরুতে পাঁচ লাখ টাকা অগ্রিম দেওয়ার পর ঢাকা গ্ল্যাডিয়েটরস আমাদের আর এক টাকাও দেয়নি। বকেয়া প্রায় ৮০ লাখ টাকার জন্য বারবার যোগাযোগ করা হলে নানা অজুহাত দেখিয়েছে। কখনো কখনো প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু এখন তারা আমাদের আর কোনো সহযোগিতা করছে না।’ আগামীকালের মধ্যে বকেয়া পুরো অর্থ না পেলে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।ওদিকে উকিল নোটিশের জবাব আজকালের মধ্যেই দেওয়ার কথা বলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রধান শিহাব চৌধুরী। তবে ফোরথট পিআরের বিরুদ্ধে অভিযোগ আছে তাঁরও, ‘তাদের আমরা মূলত তিনটি কাজের দায়িত্ব দিয়েছিলাম। সে অনুযায়ী অগ্রিমও দেওয়া হয়েছিল। কিন্তু পরে তারা আমাদের ১০টি কাজের বিল দিল। ওরা নাকি টেলিভিশনে আমাদের ফ্র্যাঞ্চাইজির বিজ্ঞাপন দিয়েছে, রেডিওতে গান বাজিয়েছে। অথচ আমাদের কেউ সেসব দেখেনি, শোনেওনি।’