ঢাকা গ্ল্যাডিয়েটরসের পুনর্মিলনী
হলরুমের পর্দায় দেখানো হচ্ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসের খেলার কিছু চুম্বক অংশ। নিজের হাঁকানো ছক্কা দেখে হেসে ফেললেন আইকন খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল। বিপিএলের প্রথম আসরেই চ্যাম্পিয়ন দলটির অন্য কর্মকর্তাদেরও বেশ হাসিখুশি মেজাজেই পাওয়া গেল।চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়-কর্মকর্তাদের নিয়ে কাল একরকম মিলনমেলাই বসিয়েছিল দলটি। কিন্তু ছিলেন না বেশির ভাগ ক্রিকেটার ও কর্মকর্তা। আশরাফুল ছাড়া ছিলেন ইলিয়াস সানি, মোশাররফ হোসেন ও আনামুল হক। অনুষ্ঠানের শেষ দিকে এলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।টেবিলে রাখা সোনালি ট্রফিটি সামনে রেখে কাল নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের স্বত্বাধিকারী সেলিম চৌধুরী। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েও খেলার সুযোগ মিলছে না চ্যাম্পিয়নস লিগে। আইসিসি দুই বছর পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশের ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টকে। চ্যাম্পিয়ন হয়েও তাই চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার আক্ষেপ ঝরল তাঁর কণ্ঠে, ‘এবার সুযোগ পেলাম না, কী আর করা! আশা করি, পরের বছর চ্যাম্পিয়ন হয়ে খেলতে পারব। না হলে চ্যাম্পিয়নস লিগের কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করব।’ নিজেদের কোনো মাঠ নেই ঢাকা গ্ল্যাডিয়েটরসের। জানালেন, মাঠ চেয়ে বিসিবির কাছে আবেদন করবেন, ‘এশিয়া কাপ শেষ হলেই বিসিবির বিপিএল গভর্নিং বডির সঙ্গে এ নিয়ে আলোচনায় বসব।’ প্রতিভা অন্বেষণেরও পরিকল্পনা রয়েছে তাঁদের। পরিকল্পনা রয়েছে দলের চ্যারিটি পার্টনার বেসরকারি সংস্থা ‘জাগো’র ছেলেমেয়েদের সঙ্গে এক বেলা ক্রিকেটারদের নিয়ে সময় কাটানোরও।টুর্নামেন্ট শেষ হলেও ক্রিকেটাররা তাঁদের পুরো পারিশ্রমিক বুঝে পাননি। সমস্যা রয়েছে বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়া নিয়েও, ‘আমরা স্থানীয়দের ২৫ থেকে ৩৫ ভাগ টাকা দিয়েছি। বাকিটাও আশা করি শিগগিরই দেব। সরকার অনুমতি না দিলে বিদেশিদের ডলার পাঠাতে পারছি না। কারণ, বাংলাদেশ ব্যাংক থেকে এখনো সঠিক নির্দেশনা পাইনি।’সেলিম চৌধুরীর দাবি, চ্যাম্পিয়নের পুরস্কার ঘোষণা করা হয়েছিল আট কোটি টাকা। সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁদের দেওয়া হয়েছে পাঁচ কোটি। এটা নিয়েও তাঁকে ক্ষুব্ধ দেখাল, ‘প্রতিশ্রুতি রাখা উচিত ছিল বিসিবির।’