ঢাকা গ্ল্যাডিয়েটরসের ভিন্ন দাবি
গতকাল প্রথম আলোর খেলার পাতায় ছাপা হওয়া ‘ঢাকা গ্ল্যাডিয়েটরস ও দুরন্ত রাজশাহীর কার্যক্রম স্থগিত’ শিরোনামের প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটরস। ফ্র্যাঞ্চাইজির মিডিয়া ম্যানেজারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বিসিবি তাদের বিরুদ্ধে এ রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছ থেকে তিন কোটি টাকা পাওনা বলা হলেও বাস্তবে ঢাকা গ্ল্যাডিয়েটরসই গেম অনের কাছে ২ কোটি ৪৮ লাখ টাকা পায়।’ ঢাকা গ্ল্যাডিয়েটরসকে পাঠানো গেম অনের এ-সংক্রান্ত চিঠির কপিও সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: বিসিবির শীর্ষস্থানীয় একাধিক পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের এক শীর্ষ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ীই প্রতিবেদনটি করা হয়েছে। কাল ঢাকা গ্ল্যাডিয়েটরসের প্রতিবাদ হাতে পাওয়ার পর যোগাযোগ করা হলে আবারও তাঁরা স্থগিতাদেশের সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, পরশু রাতেই স্থগিতাদেশের সিদ্ধান্ত জানিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসকে ই-মেইল করা হয়েছে। গতকাল পাঠানো হয়েছে সেই ই-মেইলের প্রিন্ট কপিও।ঢাকা গ্ল্যাডিয়েটরসের সঙ্গে গেম অনের আর্থিক লেনদেন-সংক্রান্ত কোনো তথ্য প্রতিবেদনে ছাপা হয়নি।