ঢাকা ঘুরে গেল চ্যাম্পিয়নস ট্রফি

মিনি বিশ্বকাপ নামে প্রথম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল বাংলাদেশে। সেবার বাংলাদেশ ছিল শুধু আয়োজকের ভূমিকায়। ২০০০ সালে কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত এই বৈশ্বিক টুর্নামেন্টে অভিষেক বাংলাদেশ দলের। খেলেছে পরের তিনটি টুর্নামেন্টেও। র্যাঙ্কিংয়ে সেরা আট দলের টুর্নামেন্ট হয়ে যাওয়ার পর ২০০৯ ও ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ দুটি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পারেনি বাংলাদেশ। সেরা আটে জায়গা করেই আগামী ১ থেকে ১৬ জুন ইংল্যান্ডে অনুষ্ঠেয় পরবর্তী আসরে বাংলাদেশ ফিরছে আবারও।
টুর্নামেন্ট সামনে রেখে এখন বিশ্বভ্রমণ করছে চ্যাম্পিয়নস ট্রফি। সেটিরই অংশ হিসেবে ট্রফিটি ঘুরে গেল বাংলাদেশেও। ১৮ মার্চ ঢাকায় এসেছিল ট্রফি। কাল রাতে সেটি চলে গেছে পরবর্তী গন্তব্য দুবাইয়ে।
ঢাকায় থাকার সময় ১৮ ও ১৯ মার্চ ট্রফিটি সবার দেখার জন্য প্রদর্শনীতে রাখা হয়েছিল যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে। গতকাল সকালে সেটি নেওয়া হয় সংসদ ভবন প্রাঙ্গণে। বিসিবি সভাপতি নাজমুল হাসান, প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমানসহ বোর্ডের অন্য কর্মকর্তারাও ট্রফি দেখতে গিয়েছিলেন সেখানে। সংসদ ভবনের আঙিনা থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপটা এবার বেশ কঠিনই। ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১ জুন লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের টুর্নামেন্ট। একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ ৫ জুন। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ৯ জুন।