ঢাকা-চট্টগ্রাম-সিলেটে টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারণা করা হচ্ছিল, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নাদির শাহর ব্যাপারে। বিসিবির অস্থায়ী কমিটির সভায় কাল সাময়িক নিষিদ্ধ এই আম্পায়ারের ভাগ্য নির্ধারিত হয়েছে বটে, তবে জানানো হলো না। সিদ্ধান্ত তুলে রাখা হলো আইসিসির সবুজসংকেতের জন্য। তবে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণসহ বেশ কয়েকটি ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে কালকের সভায়। সভা শেষে বিস্তারিত জানালেন বিসিবির প্রধান নাজমুল হাসান।নাদির শাহর ভাগ্য: ইন্ডিয়া টিভির স্টিং অপারেশনে ম্যাচ পাতানোয় রাজি হওয়া আম্পায়ারের ভাগ্য ঝুলে আছে অনেক দিন ধরেই। বিসিবির বর্তমান কমিটির গঠিত তদন্ত কমিটি অবশেষে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। কালই সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু জানাতে না পারার কারণটা ব্যাখ্যা করলেন নাজমুল হাসান, ‘আইসিসি থেকে জানানো হয়েছিল সিদ্ধান্তটা সংবাদমাধ্যমে জানানোর আগে তাদের একটা মতামত নেওয়ার জন্য। আমরা সঙ্গে সঙ্গে জানিয়েছি আজকেই। পরে ওরা আবার কিছু বিষয় জানতে চেয়েছে। আমরা আজকেই উত্তর দিয়ে দেব। পরে সময়মতো সিদ্ধান্ত জানানো হবে।’ঢাকা প্রিমিয়ার লিগ: টানা খেলার মেলায় ঢাকা প্রিমিয়ার লিগের ভাগ্য অনিশ্চিত এখনো। কথা ছিল জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই মার্চের ১৫-১৬ তারিখ মাঠে গড়াবে ঢাকার শীর্ষ এই ক্লাব টুর্নামেন্ট। তবে মে মাসের আগে টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা এখন খুবই ক্ষীণ। জাতীয় দলের ক্রিকেটাররা শ্রীলঙ্কা থেকে ফিরেই যাবেন জিম্বাবুয়েতে। এপ্রিলের প্রায় পুরোটাই শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এপ্রিলেই আবার বাংলাদেশ গেমস। প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। জাতীয় দলের বাইরের শীর্ষ ক্রিকেটাররা এখানে খেলবেন চারটি অঞ্চলে ভাগ হয়ে। অনেক ক্রিকেটারের ছোট-বড় চোটসমস্যা আছে। আর জাতীয় নির্বাচক কমিটি ২৭ জনের একটি তালিকা বোর্ডের কাছে পাঠিয়ে অনুরোধ করেছে, পর্যাপ্ত বিশ্রামের জন্য তাদের প্রিমিয়ার লিগে খেলতে না দিতে।বোর্ডপ্রধানের দাবি, এ অবস্থায় ক্লাবগুলো খেলতে রাজি হচ্ছে না, ‘ক্লাবগুলো বলছে “আমরা ৪-৫ কোটি টাকা খরচ করে দল গড়ি, ভালো ক্রিকেটার না পেলে দল করে কী লাভ! আপনারা পিছিয়ে মে মাসে নিয়ে যান।’’ আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাপ্য ক্রিকেটারদের একটা তালিকা করে দুই দিনের মধ্যে ক্লাবগুলোর সঙ্গে বসব। ক্লাবগুলোকে যদি বোঝাতে পারি, তাহলে হয়তো শুরু করতে পারব। না হলে আমার ধারণা মে মাসের আগে সম্ভব হবে না।’তবে কয়েকজন ক্লাব কর্তার দাবি, দল গোছাতে পারেনি বলে বড় দু-তিনটি ক্লাবই নাকি আসলে টুর্নামেন্ট পেছাতে চাপ দিয়েছে বোর্ডকে।২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ইভেন্ট লঞ্চিং হবে’ আগামী ৬ এপ্রিল। অনুষ্ঠান আয়োজনের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। ঢাকার বাইরে খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। বিবেচনায় আছে ফতুল্লা-বিকেএসপিও। আবাসনব্যবস্থা নিয়ে আইসিসির আপত্তি থাকায় কাটা পড়েছে খুলনার নাম। মেয়েদের টুর্নামেন্ট পুরোটাই হবে কক্সবাজারে। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণপ্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিবি। জমি বরাদ্দ চেয়ে কালই চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর। জমি বরাদ্দ পেলে শুরুতেই উইকেট বানানোর কাজ শুরু করা হবে। আবাসনসংকটের ব্যাপারটিও ভাবনায় আছে। রূপসী বাংলা হোটেলের প্রস্তাবিত সংস্কারকাজ তাই বিশ্বকাপের পর পর্যন্ত পিছিয়ে দেওয়ার জন্য কালই চিঠি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীকে। আড়ম্বরপূর্ণ কোনো উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারা মেনেই শুধু কনসার্ট জাতীয় কিছু একটা থাকবে। উদ্বোধনের পরদিনই মিরপুরে খেলা, উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে তাই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাড়ল ম্যাচ ফি: কদিন আগে বোর্ডপ্রধানের সঙ্গে সভায় আয় কমে গেছে বলে অনুযোগ করেছিল ক্রিকেটাররা। বাড়ানো হয়েছে তাই ম্যাচ ফি। টি-টোয়েন্টির ম্যাচ ফি ৩৫ হাজার থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা, ওয়ানডেতে ৬০ হাজার থেকে এক লাখ ও টেস্টে এক লাখ থেকে দেড় লাখ। টেস্ট যদি পঞ্চম দিনের লাঞ্চ পর্যন্ত গড়ায় তাহলে দুই লাখ আর ড্র করতে পারলে আড়াই লাখ টাকা। জয়ের জন্য বোনাস তো আছেই। সাকিব-তামিমের আইপিএল: আইপিএলের সময় চলবে জিম্বাবুয়ে সফর। বোর্ডপ্রধান জানিয়েছেন, জাতীয় দলের খেলা বাদ দিয়ে আইপিএলে খেলার সুযোগ নেই। জিম্বাবুয়ে সফরের আগে ও পরে কয়েকটি দিন সময় অবশ্য আছে। তবে বোর্ডপ্রধানের দাবি, ওটুকু খেলার জন্য এখনো এনওসি চাননি সাকিব-তামিম।আলোচনা হয়েছে ক্রিকেটারদের চোটপ্রবণতা নিয়েও। বড় দৈর্ঘ্যের ম্যাচে খেলতে না চাওয়া, চোট লুকানো, ফিজিওর নির্দেশ না মানা এসব নিয়ে একটি ‘পলিসি ও গাইডলাইন’ করা হবে। এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে পরবর্তী সভায়।