ঢাকা টেস্টে জহুরুল-নতুনত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশের চেয়ারই খালি। অধিনায়ক সাকিব আল হাসান নেই, নেই বাংলাদেশ দলের সিরিজ বা ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনগুলোর নিয়মিত মুখ ম্যানেজার শফিকুল হক। মাঝখানের চেয়ারটায় বসে একাই সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন কোচ জেমি সিডন্স।আজ থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট নিয়ে অনেক প্রশ্ন হলো। একটা প্রশ্ন কেউ না করলেও সবার মনেই সেটি খচখচ করছিল। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে প্রথা মেনে অধিনায়ক এলেন না কেন? ফ্ল্যাশব্যাকে ঘণ্টাখানেক পেছনেও ফিরে গেলেন কেউ কেউ। ‘সাকিব তো আজ (গতকাল) নেটেও ব্যাটিং করেনি!’ দলের মধ্যে নতুন কোনো ঝামেলা না তো আবার! সংবাদ সম্মেলন শেষে ব্যাপারটা জানতে চাইলে সিডন্সও নিরুত্তর। ‘আমি জানি না কেন ও সংবাদ সম্মেলনে আসেনি’ বলে উল্টো এই প্রতিবেদকের কাছেই জানতে চাইলেন ‘সাকিব কোথায়?’মাশরাফি ও রকিবুল-নাটকের পর বাংলাদেশ দলের অবস্থাটা এখন এমনই যে, একটু এদিক-সেদিক হলেই রহস্যের গন্ধ নাকে লাগে। নইলে কাল নেট প্র্যাকটিস বা সংবাদ সম্মেলনে সাকিবের অনুপস্থিতি এমন কিছু নয় যে, তাতে সন্দেহ করতে হবে। নেট প্র্যাকটিস করেননি, কারণ আগের দিন দুই ঘণ্টার মতো ব্যাটিং প্র্যাকটিস করায় ম্যাচের আগের দিন ক্লান্তি বাড়াতে চাননি। সাকিবকে ফোনে পাওয়া না গেলেও ঘনিষ্ঠদের কাছ থেকে জানা গেছে সংবাদ সম্মেলনে না আসার কারণও। সংবাদ সম্মেলন মানেই তো চর্বিত চর্বণ। একই কথা বারবার বলতে কারই বা ভালো লাগে!সাকিব নেই বলে দায়িত্বটা একা সিডন্সকেই নিতে হলো। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রত্যাশা কী? কোচ নতুন কিছু শোনালেন না, ‘প্রত্যাশা আগের মতোই, যতটা সম্ভব ভালো খেলা।্রচট্টগ্রামে আমরা ৬৩০ (৬২৭) রানের মতো করেছি। এখানে জিততে ৭০০ রানের কাছাকাছি করতে হবে।’ ব্যাটিং নিয়ে আরও একটা জানা ব্যাপার টেনে আনলেন কোচ, ‘আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা চাচ্ছি। মাহমুদউল্লাহ হয়তো ৫০ করল, পরের ম্যাচে কিছু করল না। তামিমও ৮০ করে পরের ম্যাচে নেই। সাকিব টানা রান পাচ্ছে না। ৪০০ রান করতে হলে আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’ছোট ছোট কিছু অতৃপ্তির পরও চট্টগ্রাম টেস্ট থেকে বড় একটা প্রাপ্তিও আছে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখার পর নাক-উঁচু ইংলিশ মিডিয়াও যেন কাউন্টিতে আরও বেশি চাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। কাল তাদেরই এক জন বাংলাদেশের ক্রিকেটারদের কাউন্টিতে খেলার ব্যাপারে প্রশ্ন করলেন। সুযোগ পেয়ে সিডন্সও বলে দিলেন, ‘গত দুই বছরে আমার মনে হয়নি কাউন্টিতে খেলার মতো কোনো ক্রিকেটার এখানে আছে। তবে এখন অন্তত ৫-৬ জন ক্রিকেটার আছে, যারা সহজেই ওখানে সুযোগ পেতে পারে। খুবই ভালো হয় তারা যদি ওখানে গিয়ে খেলতে পারে, কিছু শিখতে পারে।’কাউন্টি ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পার্থক্যটা হয়তো আকাশ আর পাতালের দূরত্বের চেয়েও বেশি। তবে কাউন্টি দেখতে দেখতে চুল পাকিয়ে ফেলা ব্রিটিশ সাংবাদিকেরা এবার বাংলাদেশের ভাঙাচোরা জাতীয় লিগেরও একটা ঝলক দেখতে পাবেন। আফতাব আহমেদের জায়গা নিয়ে সদ্য শেষ হওয়া জাতীয় লিগের চার দিনের ম্যাচে সবচেয়ে বেশি রান করা জহুরুল ইসলামও যে আছেন দ্বিতীয় টেস্টের দলে!জহুরুল সম্পর্কে সিডন্সের প্রাথমিক পর্যবেক্ষণ, ‘শর্ট বলে খুব ভালো।’ তবে জহুরুলকে সবচেয়ে বেশি জানেন জাতীয় লিগে রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ। দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকেই বললেন, ‘মাঠ এবং মাঠের বাইরে খুবই ডিসিপ্লিন্ড ক্রিকেটার। টেকনিক ভালো, সোজা ব্যাটে খেলে। আমার বিশ্বাস, পারফর্ম করে ও লম্বা সময় জাতীয় দলে থাকবে। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায়ই তাকে টেস্ট খেলার সুযোগ দেওয়াটাকে বিচক্ষণ সিদ্ধান্তই বলব।’ রকিবুল হাসানের অবসর হঠাত্ করেই জাতীয় দলে নিয়ে আসে জহুরুলকে। ১০ মার্চ জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়ার রাতে খবরটা পাওয়ায় জহুরুলকে ঘিরেই জমে উঠেছিল রাজশাহীর শিরোপা জয়ের উত্সব। তাঁর টেস্ট অভিষেকের খবরে মাসুদের আনন্দ বেড়ে যাচ্ছে আরও, ‘জাতীয় লিগে টানা ৯ ম্যাচ খেলার পর চট্টগ্রাম টেস্টেই খেলতে হলে তার ওপর চাপ পড়ে যেত। ঢাকাতে অভিষেক হওয়াতেই ভালো হচ্ছে। কোচ তাঁকে দেখেছেন, সে-ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে।’দ্বিতীয় টেস্টটা এই এক জায়গাতেই হয়তো নতুন—অন্তত জহুরুলকে দেখার আগ্রহ নিশ্চয়ই থাকবে সবার।