ঢাকা টেস্টের আগে ভাবনায় উইকেট

চট্টগ্রামের ড্র সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ঢাকায়ও ড্র মানে টেস্ট সিরিজই ড্র, আর জিতলে তো কথাই নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল থেকে শুরু দ্বিতীয় টেস্টের ‘যুদ্ধ পরিকল্পনা’য় তাই নিজেদের অস্ত্রের সর্বোচ্চ ব্যবহারের দিকটাই জোর পাচ্ছে বেশি। ঢাকা টেস্টের আগে কিউরেটরের কাছে যে রেসিপি গেছে, সেটা মানা হলে দ্বিতীয় টেস্টের উইকেটে ভালো টার্ন পেতে পারেন স্পিনাররা। বল আসতে পারে একটু রয়ে-সয়ে।
নিজেদের মাঠে খেলার সুবিধা নেয় না কোন দেশ! কাগজে-কলমে প্রতিষ্ঠিত না হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এটা স্বাগতিক দলের ‘অধিকারের’ মধ্যেই পড়ে। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মতো দেশগুলো যেমন বাংলাদেশকে ‘স্বাগত’ জানাতে গতিময় উইকেট বিছিয়ে রাখে, তেমনি বাংলাদেশেও উইকেট বানানোর সময় মাথায় রাখা হয় সাকিব-রাজ্জাকদের কথা। দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড দল সে রকম কিছুরই মুখোমুখি হতে পারে বলে দল সূত্রের খবর। তবে টার্নিং উইকেট বানানোর সমান্তরালে আরেকটা চিন্তাও প্রবাহিত হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কের মাথায়। ঘূর্ণি উইকেট না আবার বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্যও হয়ে দাঁড়ায় ভয়ের কারণ! সে ক্ষেত্রে পুরোপুরি স্পিনসহায়ক উইকেটের দিকে না ঝুঁকে ‘স্পোর্টিং’ উইকেটের পক্ষেও আছেন কেউ কেউ।
মিরপুরের উইকেটে তাই কাল বিকেল পর্যন্তও রাখা হলো হালকা ঘাস। আজকের দিন গড়িয়ে কাল ম্যাচের আগে উইকেটের চেহারা কী দাঁড়ায়, তার ওপর নির্ভর করছে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল। উইকেটটা স্পিনারদের স্বর্গ হতে পারে বলে যদি মনে হয়, একজন পেসার কমে একাদশে যোগ হতে পারেন মাহমুদউল্লাহ বা নাঈম ইসলামের কেউ। আর যদি সবুজাভ ভাবটা থেকেই যায়, তাহলেও প্রথম টেস্টের একজন পেসারকে বাইরে রেখে টেস্ট অভিষেকের সুযোগ করে দেওয়া হতে পারে নবাগত পেসার আল আমিনকে।
এই সবই অবশ্য কাল পর্যন্ত ছিল ‘যদি’ ও ‘কিন্তু’র মধ্যে সীমাবদ্ধ। তা ছাড়া মিরপুরে সর্বশেষ টেস্ট হয়েছে গত বছরের নভেম্বরে। প্রায় এক বছর পর আবার একটি টেস্টে কিউরেটর-গ্রাউন্ডসম্যানরা স্বাগতিক দলের ইচ্ছাপূরণ কতটা করতে পারবেন, তা নিয়েও আছে সংশয়। ব্যাট-বল দুটিতেই প্রথম টেস্টের নায়ক সোহাগ গাজী তাই উইকেটের ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করতে চাইলেন না, ‘উইকেট নিয়ে ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে। উইকেট যা-ই হোক, খেলতে তো হবেই।’ তবে বল হাতে তিনি মিরপুরেও চান চট্টগ্রামের মতো সাফল্য, ‘লক্ষ্য থাকবে প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রাখা। জানি না আবারও রেকর্ড করব কি করব না...তবে ৫ উইকেট নেওয়ার চিন্তাভাবনা আছে।’
দুই ইনিংসে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি চট্টগ্রামে পেয়েছেন সেঞ্চুরিও। কিন্তু তাই বলে যে হঠাৎই ব্যাটিং নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে গেছেন সোহাগ, তা নয়, ‘এক শ করেছি বলে যে ব্যাটিং নিয়ে কাজ করতে হবে তা নয়। ব্যাটিংয়ের ভুলগুলো নিয়েই কাজ করি শুধু। বেশি কাজ করি বোলিং নিয়ে। তার ফাঁকে ফাঁকে ব্যাটিং...।’
বোলিং মানে শুধুই বোলিং। সেই বোলিংটা কোন ধরনের উইকেটে করবেন, তা নিয়ে আগে থেকে গবেষণায় যাওয়ার পক্ষপাতী নন এই অফ স্পিনার। উইকেট প্রসঙ্গ এড়িয়ে গেলেন সাকিব আল হাসানও, ‘আমি আজ (গতকাল) উইকেট দেখিনি। কাজেই এ নিয়ে কিছু বলতে পারব না।’ দ্বিতীয় টেস্টে কেমন উইকেট দেখতে চান প্রশ্নে আবদুর রাজ্জাকও বেশ সাবধানী, ‘আমার মনে হয় উইকেটটা একদমই টার্নিং বা পেস সহায়ক হবে, এ রকম কিছু ভাবা হচ্ছে না। আগে থেকে এ রকম ভেবে বসে থাকলে অনেক সময় মাঠে গিয়ে উল্টোটার মুখোমুখি হতে হয়।’
মিরপুরের কালো মাটির উইকেটের চরিত্র জন্ম থেকেই রহস্যাবৃত। ২০০৭-এর মে মাসে ভারতের বিপক্ষে খেলা এ মাঠের প্রথম টেস্টটার কথা এখনো ভুলতে পারেন না হাবিবুল বাশার! বর্তমানে নির্বাচক হাবিবুল তখন ছিলেন অধিনায়ক। মিরপুরের উইকেটে পার্থের ওয়াকার মতো সাঁই সাঁই করে বল যাবে এমন পূর্বধারণা থেকে টসে জিতে বোলিং নিয়েছিলেন হাবিবুল। পরিণতি—প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬১০ রান ভারতের, সেঞ্চুরি প্রথম চার ব্যাটসম্যানেরই। দুই ইনিংস মিলিয়ে ৩৭১ রান করে বাংলাদেশ সেই টেস্ট হেরেছিল ইনিংস ও ২৩৯ রানের বিশাল ব্যবধানে। ঘরের মাঠের উইকেট না বোঝার ‘অপরাধে’ ভারতীয় সাংবাদিকদের লেখনীও সেবার ‘শূলে’ চড়িয়েছিল বাংলাদেশ অধিনায়ক হাবিবুল আর কোচ ডেভ হোয়াটমোরকে।
ছয় বছর কেটে গেছে। শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট এখনো সেই রহস্যের চাদরেই ঢাকা। নয়তো কাল গভীর মনোযোগে উইকেট দেখে আসার পরও ‘কী দেখলেন ওখানে’ প্রশ্নটাতে কেনো নিরুত্তর থাকবেন হাবিবুল?