ঢাকা থেকে ছড়াল বিশ্বকাপের উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নেমেই বিশ্বকাপের হাওয়া টের পেয়েছেন হারুন লরগাত। বিমানবন্দরে যেদিকেই তাকান, ২০১১ বিশ্বকাপের লোগো-সংবলিত এক্স-ব্যানার, পোস্টার প্রভৃতি। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের শুরুতেই বললেন কথাটা, ‘বাংলাদেশে বিশ্বকাপ-জ্বরটা কেমন আমরা তা অনুভব করলাম বিমানবন্দরে পা রাখার পরই।’বিশ্বকাপ কেন্দ্রীয় আয়োজক কমিটির (সিওসি) সভা আর ট্রফি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় এসে আন্তর্জাতিক ক্রিকেটের বড় বড় মাথারা এই দুই দিনে অন্তত একটা জিনিস বুঝে গেছেন—বিশ্বকাপটাকে ধারণ করতে শুরু করেছে বাংলাদেশ। রাষ্ট্রযন্ত্রের শীর্ষ মহল থেকেও পাওয়া যাচ্ছে সমর্থন। আইসিসির ভাইস প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় আয়োজক কমিটির প্রধান শারদ পাওয়ার গত পরশু দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সাক্ষাতে প্রধানমন্ত্রী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। লরগাত এটাকে দেখছেন, সর্বোচ্চ পর্যায় থেকে পাওয়া সমর্থন হিসেবে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এর মানে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকেই সমর্থন পাচ্ছি আমরা।’হোটেল শেরাটনে অনুষ্ঠিত সিওসির গতকালের সভা ছিল নিতান্তই রুটিন সভা। তারপরও এটা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ২০১১ বিশ্বকাপে যে বাংলাদেশ একা নয়, এই সভার পর সেই মন্ত্রটাই ছড়িয়ে দেওয়া হলো। লরগাতই বলেছেন, ‘বিশ্বকাপ আয়োজক হিসেবে আমরা তিনটা দেশকে আলাদাভাবে দেখছি না। বাংলাদেশ বাকি দুই দেশের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করছে এতে। সবাই একসঙ্গে মিলে কাজ করছে।’ এখন পর্যন্ত তিন আয়োজক দেশের বিশ্বকাপ প্রস্তুতিতে আইসিসি সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল দিলেন বাকি আশ্বাস, ‘বিশ্বকাপে কী কী সুযোগ-সুবিধা দিতে হবে আমরা জানি। ২০১১-এর আগেই সব ব্যবস্থা হয়ে যাবে।’বিশ্বকাপ যে ক্রিকেট মৈত্রীর সেতুবন্ধ, সেটা দৃশ্যমান হলো কাল সিওসির সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে। শারদ পাওয়ারের দুই পাশে হারুন লরগাত ছাড়াও ছিলেন টুর্নামেন্ট ডিরেক্টর প্রফেসর রত্নাকর শেঠি, বিসিবি সভাপতি মোস্তফা কামাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিওসির আহ্বায়ক মাহবুবুল আনাম। এ ছাড়া সিওসির সভায় যোগ দিতে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও।তিন দেশে বিশ্বকাপ মানে খেলোয়াড়-কর্মকর্তা আর মিডিয়ারও হুটহাট তিন দেশে ওড়াউড়ি। প্রাসঙ্গিকভাবেই চলে আসে একটা প্রশ্ন—বিশ্বকাপে ভিসাপ্রক্রিয়া কতটা সহজ হবে? রত্নাকর শেঠির আশ্বাস, ‘তিন বোর্ডই একটা সুবিধাজনক ভিসাপ্রক্রিয়া খুঁজে বের করার জন্য কাজ করছে। সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে যতটুকু সম্ভব নমনীয় ভিসাপ্রক্রিয়াই হবে আশা করি।’ শেঠি জানিয়েছেন, ২০১১ বিশ্বকাপের টিকিট হবে সহজলভ্য, দর্শকদের সামর্থ্যের মধ্যেই হবে এর দাম। বিসিবি সভাপতি মোস্তফা কামালও বলেছেন একই কথা, ‘আমাদের দেশে টিকিটের দাম হবে সবচেয়ে কম। আমরা সাধারণ মানুষের সামর্থ্যের কথা মাথায় রেখেই মূল্য নির্ধারণ করব। মানুষ যেন খেলা দেখতে মাঠে আসতে পারে, সেটা চিন্তা করেই সব হবে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে. টিকিটের দাম এখনো চূড়ান্ত হয়নি। নিজেদের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচের টিকিটের মূল্য আয়োজক তিন দেশের বোর্ড তাদের মতো করে নির্ধারণ করবে। পরে সেটি অনুমোদিত হবে কেন্দ্রীয় আয়োজক কমিটির সভায়। টিকিট লাগবে ১৭ ফেব্রুয়ারি, ২০১১ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী অনুষ্ঠান দেখতেও। উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারি-ভর্তি দশর্কই আশা করছেন সিওসির আহ্বায়ক মাহবুবুল আনাম, ‘২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখতেও অনেক দর্শক টিকিট কেটে এসেছিল। আমাদের বিশ্বাস এবারও তাই হবে।’সকালে সিওসির সভা আর দুপুরে সংবাদ সম্মেলনের পর কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে ২০১১ বিশ্বকাপের ট্রফি। একই সঙ্গে যেন শুরু হলো একটা কাউন্ট ডাউন। বাংলাদেশের বিশ্বকাপের বাকি আর ৪০৪ দিন...।