ঢাকা পৌছেছে ওয়েস্টইন্ডিজ ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে লড়তে আজ ঢাকা পৌছেছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। দুপুর ৩টা ১০ মিনিটে জেড এয়ারের বিমানে করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ২২ সদস্যের ক্যারিবীয় দলটি। সেখান থেকে তাঁরা সরাসরি হোটেল শেরাটনে চলে যান।বিশ্বকাপ ২০১১-এর আসরের ১৯তম ম্যাচে বাংলাদেশ নিজ মাটিতে মুখোমুখি হবে দ্বীপপুঞ্জ দলটির। দীর্ঘ ৮ বছর পর ওয়েস্ট ইন্ডিজ খেলবে বাংলাদেশের মাটিতে। আগামী ৪ মার্চ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবারত্রির গুরুত্বপূর্ণ এই ম্যাচ। টাইগারদের দ্বিতীয় রাউন্ডে পৌছানোর বিষয়টি অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ফলাফলের উপর।এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হেরে গিয়েছিল ৯৯ রানে। তবে ২০০৯ সালে সেই ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে এখন বাংলাদেশ বিশ্ব ক্রিকেটকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আইসিসির র্যাঙ্কিংয়েও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। সে হিসাবে বাংলাদেশকে ফেভারিট বলা যেতেই পারে। কিন্তু মাঠের শক্তির বিচারটাই মুল বিষয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে মোট ৫টি ম্যাচ খেলেছে। ১৯৯৯ সালে তারা প্রথম বাংলাদেশে পা রেখে ২ ম্যাচের ওডিআই সিরিজটি জিতে নিয়েছিল ২-০ ব্যবধানে। ২০০২ সালে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের সিরিজটিও জিতে নিয়েছিল ক্যারিবীয়রা। ২০০২ সালের সিরিজটিই বাংলাদেশে ক্যারিবীয়দের শেষ সিরিজ। এরপর আর বাংলাদেশের মাটিতে এই দুই দলের দেখা হয়নি। এ যাবত মোট ৬৪২টি একদিনের ম্যাচ খেলা অভিজ্ঞ উইন্ডিজ দলে ২০০৭ সালের বিশ্বকাপ দলের অধিকাংশ সদস্যই নেই। শুধু ক্রিস গেইল, চন্দপাল ও ব্রাভোই ছিলেন ২০০৭ সালের বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু ইনজুরি সেই ৩ জন থেকে একজন কমিয়ে দিয়েছে। অলরাউন্ডার ব্রাভোকে ছাড়াই ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বাসস