ঢাকা প্রিমিয়ার লিগের ভাগ্য ঝুলেই রইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ভবিষ্যৎ ঝুলেই রইল। কাল ১২টি ক্লাব সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে, বিসিবিকে লিগ শুরুর উপযুক্ত সময় ঘোষণার অনুরোধ জানানো হবে। তবে সভার ভেতরেরই খবর, ২০১৩ সালের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ না হওয়ার সম্ভাবনাই প্রবল।মোহামেডান ক্লাবে হওয়া সভা শেষে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের টেলিফোনে বলেন, ‘বিসিবিকে আমরা অনুরোধ করব অবিলম্বে লিগ শুরুর উপযুক্ত সময় ঘোষণা করতে। যে সময়ে জাতীয় দলের বেশির ভাগ খেলোয়াড় লিগে খেলতে পারবে। সভায় সব ক্লাব মিলে এই সিদ্ধান্ত নিয়েছে।’ কিন্তু এর আগে তো জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়াই লিগ খেলতে সম্মত ছিলেন সবাই! এখন কেন এই সিদ্ধান্ত? প্রশ্নটা এড়িয়ে গিয়ে কাদের বলেছেন, ‘আমরা চাই লিগ যেন আকর্ষণীয় হয়।’ সভায় উপস্থিত বিসিবি কর্মকর্তা ও ব্রাদার্সের সভাপতি আ জ ম নাসিরও একমত এই বক্তব্যের সঙ্গে।কিন্তু জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েই যদি লিগ আয়োজন করতে হয় তাহলে এ বছর লিগ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শ্রীলঙ্কা থেকে এসে জাতীয় দল যাবে এক মাসের জিম্বাবুয়ে সফরে। এ ছাড়া বাংলাদেশ গেমসে ক্রিকেট থাকায় সেখানেও ব্যস্ত থাকবেন খেলোয়াড়েরা। এরপর তো বৃষ্টিরই মৌসুম। তার মানে ক্লাবগুলো যে ‘উপযুক্ত সময়ে’র দাবি জানিয়েছে, সেটা খুঁজেই পাবে না বিসিবি।তা ছাড়া লিগ নিয়ে ক্লাবগুলোর মধ্যেও আছে বিভাজন। মূলত দুটি ক্লাব এবং তাদের ‘ইচ্ছা’য় আরও তিনটি বড় ক্লাব শুরু থেকেই চাইছিল লিগ হলে হোক এপ্রিল-মেতে। লিগের বাকি সাত ক্লাবের দাবি ছিল মার্চ মাসে লিগ শুরু করার। তা না হলে অন্তত ১০ এপ্রিলের মধ্যে। কাল সভা শেষে আপাতত সে সম্ভাবনাও দেখছেন না সিসিএসের কর্মকর্তা ইকবাল ইউসুফ চৌধুরী, ‘আমি তো লিগ আয়োজনের উপযুক্ত সময় আর দেখছি না।’প্রিমিয়ার লিগ নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যে সিসিডিএম প্রধান জালাল ইউনুস জাতীয় দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কায়। ‘লিগের কী হবে?’—প্রশ্ন করলে কাল সিসিডিএম সদস্যসচিব রাকিব হায়দার বললেন, ‘সিসিডিএমের চেয়ারম্যান দেশে ফিরলে এ ব্যাপারে বলা যাবে।’