ঢাকা মেট্রোর তৃতীয় জয়
তিন ম্যাচে তিন জয়। জাতীয় লিগে ফিরে এসে সাফল্যের স্রোতেই ভাসছে ঢাকা মেট্রো। কাল সিলেটে বরিশালকে ২৭৩ রানে হারিয়েছে তারা। এই ম্যাচের পূর্ণ পয়েন্টসহ (১৬) মোট ৪১.৪৬ পয়েন্ট নিয়ে এককভাবে লিগের শীর্ষে উঠে গেল দলটি। প্রথম দুই রাউন্ড শেষে শীর্ষে থাকা চট্টগ্রাম কাল হেরে গেছে রাজশাহীর কাছে।কাল সিলেটে ২ উইকেটে ৭০ রান নিয়ে দিন শুরু করা বরিশাল শেষ পর্যন্ত করেছে ২৭৮। খেলেছে আরও ৬৯.১ ওভার। মূল কৃতিত্ব ব্যাটসম্যান নুরুজ্জামানের। ৫১৬ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করা বরিশাল ১১০ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। তখনই ক্রিজে নামা নুরুজ্জামান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮৮ রানে।চট্টগ্রামে স্বাগতিকেরা দ্বিতীয় ইনিংসে করতে পারে মাত্র ১৫৫ রান। জয়ের জন্য ৮১ রানের লক্ষ্যে ছুটে ২ উইকেট হারায় রাজশাহী। ওপেনার মিজানুর রহমান অপরাজিত থাকেন ৫২ রানে। এর আগে ৪ উইকেটে ১৩ রান নিয়ে খেলতে নেমে চট্টগ্রাম ২২ রানেই হারায় পঞ্চম উইকেট। এরপর ফয়সাল হোসেনের (৭১) ব্যাটিংয়েই ১৫৫ রান করে চট্টগ্রাম। ডাবল সেঞ্চুরি করা ফরহাদ হোসেনই হয়েছেন ম্যাচসেরা।