ঢাকা মেট্রোর প্রথম হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে ডাকা হয় ‘ছক্কা নাঈম’ নামে। জাতীয় দলের এই অলরাউন্ডারের ব্যাটে অবশ্য বেশ কিছুদিন ধরেই নেই সেই মারমার কাটকাট ব্যাটিং। তিনি যেন এখন ধৈর্যের প্রতিমূর্তি। তার প্রমাণ দুুই দিন ধরেই বগুড়ায় দিয়েছেন নাঈম। এই প্রথম নিজ বিভাগ রংপুরের পক্ষে খেলতে নেমে পেয়েছেন সেঞ্চুরি। প্রায় নয় ঘণ্টা ব্যাটিং করেছেন। ৩৮৮ বলে করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সর্বোচ্চ স্কোর (১৩৬)। এই পর্যায়ের ক্রিকেটে নিজের সপ্তম সেঞ্চুরি ছুঁতে খেলেছেন ৩০৬ বল, যাতে আছে ১২টি বাউন্ডারি।রংপুরের হয়ে ফিফটি করেছেন ধীমান ঘোষ ও মাহমুদুল হাসানও। এই দুজনের সঙ্গেই শতরানের জুটি গড়েছেন নাঈম, পঞ্চম উইকেটে ধীমানের সঙ্গে ১৩৫ ও ষষ্ঠ উইকেটে মাহমুদুলের সঙ্গে ১১৮ রান। ৭ উইকেটে ৪০৭ করে ইনিংস ঘোষণার পর মাত্র ১১ রানেই বরিশালের ২ উইকেট তুলে নিয়েছেন রংপুরের বোলাররা।এদিকে ব্যাটিং ব্যর্থতার মূল্য দিয়ে সিলেটে স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হেরেছে মোহাম্মদ আশরাফুলের দল। এবারের জাতীয় লিগে একমাত্র দল হিসেবে আগের তিনটি ম্যাচেই জিতেছিল ঢাকা মেট্রো। সেই মেট্রোই চতুর্থ রাউন্ডে হেরেছে মাত্র দুই দিনেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার এনামুল জুনিয়র ম্যাচে ১০ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ-সেরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিয়েছেন সিলেটের এই বোলার। তাঁর বোলিংয়েই মেট্রোকে ১৩২ রানে অলআউট করে মাত্র ২০ রানের লক্ষ্য পায় সিলেট। নয়ে নেমে মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আরাফাত সালাউদ্দিন। আশরাফুল (১৫) ব্যর্থ হয়েছেন এই ইনিংসেও। এর আগে সিলেট তাদের প্রথম ইনিংসে করেছিল ২৩১ রান।চট্টগ্রামে পাকিস্তানি লেগস্পিনার আমির খান ৬ উইকেট নেওয়ায় প্রথম ইনিংসে মাত্র ১ রানের লিড পেয়েছিল চট্টগ্রাম। ঢাকা বিভাগকে ১৭৫ রানে অলআউট করে চট্টগ্রাম। ১০৫ রানেই ৬ উইকেট হারানো চট্টগ্রাম ২১৩ রান করে সপ্তম উইকেটে ফয়সাল (৭৩) ও সাদিদের (২৩) ৭৭ রানের জুটির কল্যাণে। ঢাকার মোশাররফ হোসেনও পেয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় দিন শেষে স্বাগতিক দল এগিয়ে গেছে ২১৪ রানে। যশোরে রাজশাহীর বিপক্ষে ১৪৬ রানে এগিয়ে আছে খুলনা। ইমরুল কায়েস (৩) ব্যর্থ হয়েছেন এই ইনিংসেও।