হকি দল কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করার আগে অবধারিত একটা প্রশ্ন উঠে আসবেই—অনুশীলন ম্যাচের কী খবর?
এত দিন ‘না’বোধক উত্তরই শোনা গেছে বেশি। বাইরে থেকে দল এনে হকি দলকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দিতে মোটা দাগে ব্যর্থই হয়ে এসেছেন কর্মকর্তারা। তবে আগামী মাসের শুরুতে ঢাকায় বিশ্ব হকি লিগ ও একই মাসের তৃতীয় সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসের জন্য অনুশীলন ম্যাচ পাচ্ছেন খেলোয়াড়েরা।
৫-৭ সেপ্টেম্বর বিশ্ব হকি লিগে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও আফগানিস্তান। আপাতত তারই প্রস্তুতির জন্য ভারতে যোগাযোগ করে একটি দল পাওয়া যাচ্ছে। এটি হলো ধ্যানচাঁদ হকি একাডেমি দল। হকির কিংবদন্তি ধ্যানচাঁদের নামে এই একাডেমি প্রতিষ্ঠিত নাগপুরে।
হকি দলের ম্যানেজার আনভীর আদেল কাল জানিয়েছেন, ‘ধ্যানচাঁদ একাডেমি ঢাকায় আসবে ৫ আগস্ট। দলটিতে ভারতের জাতীয় দলের চার-পাঁচজন খেলোয়াড় আছে। এখানে ওরা তিনটি ম্যাচ খেলবে। সব ম্যাচই হবে বিকেএসপিতে। কারণ ওখানেই এখন জাতীয় দলের ক্যাম্প চলছে।’
ধ্যানচাঁদ একাডেমি ঢাকায় আসার পর ঠিক হবে, তারা কবে ম্যাচ খেলবে। তিনটি ম্যাচ খেলার কথা চূড়ান্ত হয়ে আছে। বিকেএসপির সঙ্গেও ম্যাচ খেলতে পারে সফরকারীরা। এশিয়াডে যাওয়ার ঠিক আগে ম্যাচ অনুশীলনের জন্য যোগাযোগ চলছে পাকিস্তানের পাঞ্জাব একাডেমির সঙ্গে। তারা নাকি জুনিয়র টিম পাঠাতে চায়। হকি ফেডারেশন বলেছে, অন্তত চার-পাঁচজন আন্তর্জাতিক খেলোয়াড় পাঠাতে। কয়েক দিনের মধ্যে পাঞ্জাব একাডেমি ঢাকা আসার ব্যাপারটা চূড়ান্ত করবে।