ঢাকা হয়ে উঠবে সুন্দর!
রাস্তা সংস্কারের কাজ প্রায় ৯৫ শতাংশ শেষ হয়ে গেলেও বিশ্বকাপ উপলক্ষে এখনো সেভাবে সেজে ওঠেনি রাজধানী ঢাকা। তবে বিসিবির সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রের কাছ থেকে কাল যৌথ আশ্বাস মিলল, আর দিনকয়েকের মধ্যেই সেজেগুজে ঢাকার যে চেহারা দাঁড়াবে, অতীতে সেই চেহারা দেখা যায়নি কখনো।ঢাকার সৌন্দর্যবর্ধন নিয়ে কাল বিসিবি অফিসে সভায় বসেছিলেন বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও ঢাকার মেয়র সাদেক হোসেন, সঙ্গে দুই পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারাও। সভাশেষে বোর্ড সভাপতি জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে বিদেশি অতিথিরা ঢাকার যেসব সড়ক বেশি ব্যবহার করবেন, সেগুলোর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে বিসিবি ও সিটি করপোরেশন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পর্যন্ত মোট ২২ কিলোমিটার রাস্তার সৌন্দর্য বাড়ানো হবে। সিঙ্গাপুর থেকে আনা বিশেষ বাতি দিয়ে এসব রাস্তার আলোকসজ্জা হবে, সাজানো হবে রাস্তার দুই ধার এবং সড়ক বিভাজনও। নগর সৌন্দর্যবর্ধনে সাহায্য করায় সিটি করপোরেশন এবং সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন মোস্তফা কামাল।ঢাকার মেয়র বলেছেন, ‘ক্রিকেটের মাধ্যমে আমাদের জাতিকে বহির্বিশ্বের কাছে যতটা পরিচিত করা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ও সেটা কখনো পারেনি। কাজেই বিশ্বকাপ ক্রিকেটটা শুধু বিসিবির নয়, পুরো জাতির বিষয়। বোর্ড যখন যে সহযোগিতা চাইবে, আমরা দেব।’ বিশ্বকাপ উপলক্ষে রাজধানীর প্রধান সড়কগুলোর আশপাশের বাড়ির মালিকদের তাঁদের ভবনের সৌন্দর্য বাড়ানোরও আহ্বান জানিয়েছেন ঢাকার মেয়র। এ ছাড়া তরুণ ক্রিকেটারদের অনুশীলনের সুবিধার জন্য পুরান ঢাকায় দুটি ইনডোর বানানোর ব্যাপারেও বিসিবিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।তবে সাদেক হোসেন একটা আশ্বাস দিতে পারেননি। বিশ্বকাপ উপলক্ষে শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশের এলাকাসহ রাজধানীর অনেক জায়গাতেই চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। প্রশ্ন করা হয়েছিল, অতীতের মতো এবারও বিশ্বকাপের পর ওই অবৈধ দোকানপাট আবার বসবে কি না। মেয়রের অসহায় উত্তর, ‘আপনিও বাংলাদেশের মানুষ...আমিও বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা তো বোঝেন। ভবিষ্যতে যদি সেটার পরিবর্তন হয়, এসব অবৈধ স্থাপনা হয়তো আর থাকবে না।’