ঢাকাকে চাপে ফেলেছে বরিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিটাকে বেশি দূর নিয়ে যেতে পারলেন না ইফতেখার নাঈম। আগের দিনের ১৩৫ রানের সঙ্গে আর মাত্র ১৪ রান যোগ করে ১৪৯ রানে আউট হয়েছেন বরিশালের এই ডানহাতি ব্যাটসম্যান। তবে তাঁর ও অধিনায়ক শাহিন হোসেনের সেঞ্চুরিতে ৪৩৮ রান করা বরিশাল ঢাকাকে চাপে ফেলে দিয়েছে ৩২ রানে তাদের ৩ উইকেট তুলে নিয়ে।আগের দিনের ২ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শুরু করা বরিশাল ৩০৮ রানে হারায় নাঈমকে। অধিনায়ক শাহীন প্রথম শ্রেণীর ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন। এ ছাড়া গতকাল বলার মতো রান করেছেন শুধু নুরুজ্জামান (৩০)। ঢাকার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ৯০ রানে ৩ উইকেটে নিয়েছেন।এরপর ব্যাট করতে নেমে এবারের লিগের শীর্ষ দল ঢাকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪ রানের মাথায় উত্তম সরকারকে শূন্য রানে ফিরিয়ে দেওয়া ডানহাতি পেসার তৌহিদুল পরে আউট করেছেন আনোয়ার হোসেনকে। এরপর দৃশ্যপটে এবারের লিগে সর্বোচ্চ উইকেটশিকারি সোহাগ গাজী, তিনি ফিরিয়েছেন আবদুল মজিদকে। ফলোঅন এড়াতে ঢাকাকে করতে হবে আরও ১৮৮ রান।রাজশাহীতে জমে উঠেছে রাজশাহী ও সিলেটের ম্যাচ। রাজিন ও তাসামুলের পর এজাজ আহমেদের ফিফটিতে ৩১৬ রান করেছে সিলেট। জবাব দিতে নামা রাজশাহীর ৭টি উইকেট ফেলে দিয়েছে তারা ২১১ রানে। আগের দিনের ২৬৮ রানের সঙ্গে আর ৪৮ রান যোগ করে কাল অলআউট হয় সিলেট। মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রাজশাহীর তাইজুল ইসলাম ৮৭ রানে নিয়েছেন ৪ উইকেট। আগের ম্যাচেও চার উইকেট পেয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই বাঁহাতি স্পিনার। এ ছাড়া অলরাউন্ডার ফরহাদ হোসেনও পেয়েছেন ৩ উইকেট।ব্যাট করতে নামা রাজশাহী ৩টি পঞ্চাশোর্ধ্ব জুটি (১ম, ৩য় ও ৫ম) গড়েও দিন শেষ করেছে ২১২ রানে। স্বাগতিকদের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান অভিষেক মিত্র প্রথম শ্রেণীর ম্যাচে প্রথম ফিফটি করে (৬০ রান) আউট হন। এ ছাড়া অভিজ্ঞ আনিসুর রহমান করেছেন ৫৮। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৬৯ রানে পেয়েছেন ৩ উইকেট।