তাঁর ইনজুরি এখন সম্ভবত দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত ইস্যু। শ্রীলঙ্কা সফরে যাবেন কি না, অন্তত জিম্বাবুয়েতে পাওয়া যাবে কি না, এ নিয়ে ভাবনা-জল্পনার শেষ নেই। চোট নিয়ে তাঁর নিজেরও আছে অস্বস্তি। কিন্তু পারফরম্যান্স দেখে সেটা কে বলবে! দুর্দান্ত বোলিংয়ের পর ঝোড়ো এক ফিফটি—সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বরিশাল বার্নার্সকে ৮ উইকেটে হারাল ঢাকা গ্ল্যাডিয়েটরস। এক ম্যাচ কম খেলেও সিলেট রয়্যালসকে টপকে আবার শীর্ষে উঠে গেল চ্যাম্পিয়নরা, কার্যত নিশ্চিত করে ফেলল শেষ চারও।ঢাকার বিপিএল সবচেয়ে বেশি দর্শক দেখল কালই। দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর সময় মাঠে দর্শক ১৫-১৬ হাজার। ম্যাচের প্রথম ওভারেই সেই দর্শকদের উল্লাসে মাতার সুযোগ করে দিল ঘরের দল, থেমে থেমে সেই উল্লাস চলতে থাকল বাকিটা সময় জুড়ে। বরিশালকে ১১৪ রানে আটকে ঢাকার জয়ের ভিতটা তৈরি করে দিয়েছিলেন বোলাররা। সাকিব-দিলশানের ব্যাটিংয়ে সেই রানটা ঢাকা টপকে গেছে অনায়াসেই। রান তাড়ার শুরুতেই ফিরে যান মোহাম্মদ আশরাফুল (৬)। কিন্তু সাকিব-দিলশানের ৫৭ বলে ৯২ রানের জুটি জয় এনে দেয় ৪৪ বল হাতে রেখেই। ৭ চার, এক ছয়ে ৩১ বলে ৫৪ করেন সাকিব। মাঝের তিন দিনের বিরতিতে শ্রীলঙ্কা থেকে ঘুরে আসা তিলকরত্নে দিলশান অপরাজিত থাকেন ৩৯ বলে ৪৯ রান করে।সাকিব এর আগে বল হাতে ফিরিয়েছেন বরিশালের সর্বোচ্চ দুই স্কোরার আজহার মেহমুদ (৩০) ও সাব্বির রহমানকে (১৮)। টস জিতে ব্যাটিংয়ে নামা বরিশাল প্রথম ওভারেই হারায় ফিল মাস্টার্ডকে। দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়েন অধিনায়ক ব্র্যাড হজ (১২) ও সাব্বির। নিজের প্রথম ওভারেই এই জুটি ভাঙেন সাকিব, এরপর আর কখনোই গতি পায়নি বরিশালের ইনিংস।সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১১৪/৯ (মাস্টার্ড ০, হজ ১২, সাব্বির ১৮, মেহমুদ ৩০, অলক ১০, মাহারুফ ১৫, শুভাগত ৮, হামিদ ২, শফিউল ৭, সানি ১*, নাজমুল অপু ৮*; লিডল ২/১৬, সাকিব ২/২২, মাশরাফি ২/৩০, টমাস ২/৩১, মোশাররফ ১/১৪)। ঢাকা গ্ল্যাডিয়েটরস: ১২.৪ ওভারে ১১৫/২ (দিলশান ৪৯*, আশরাফুল ৬, সাকিব ৫৪, রকিবুল ১*; শুভাগত ১/৫, মেহমুদ ১/১০)।ফল: ঢাকা ৮ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।