ঢাকাকে হারিয়ে দিল বরিশাল
মাঠে এসেছিল তারা ম্যাচ শুরুর ঘণ্টা দুই আগে। মিরপুরের মিডিয়া রুমে নিজেদের খেলার ভিডিও দেখে পারফরম্যান্সের কাটাছেঁড়া করলেন কোচ সারওয়ার ইমরান। মিনিট তিরিশেকের সেই সেশনের শিক্ষা মাঠে ভালোই কাজে লাগাল বরিশাল বার্নার্স। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা গ্ল্যাডিয়েটরসকে ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৩৯ বল বাকি থাকতেই টপকে গেল সেই স্কোর। অপরাজিত ৭০ রান করে সামনে থেকে নেতৃত্ব দিলেন ব্র্যাড হজ। এই জয়ে শেষ চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও জাগিয়ে রাখল বরিশাল। বরিশালের দুই বোলিং নায়ক আজহার মেহমুদ ও আলাউদ্দিন বাবু। টুর্নামেন্ট-জুড়েই দারুণ ধারাবাহিক মেহমুদ কালও ৭ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার। কাল ছুঁয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি আবদুর রাজ্জাককেও। তবে ৩টি উইকেটই লোয়ার অর্ডারদের। আর আলাউদ্দিন ভেঙে দিয়েছেন ঢাকার মিডল অর্ডার। কালকের আগে সময় কেটেছে শুধু ডাগ আউটে বসেই। কাল সুযোগ পেয়েই জ্বলে উঠলেন, এক ওভারেই ফেরালেন এনামুল ও দারুণ ফর্মে থাকা ড্যারেন স্টিভেনসকে। পরের ওভারে জশুয়া কবকেও। আগের দিন অনায়াসেই ১৭৬ রান তাড়া করা দল তাই এত কম রানেই গুটিয়ে গেল।উদ্বোধনী জুটিতে ৪৯ রান তুলেছিল ঢাকা, তবে শুরুটাকে ঠিক ভালো বলার জো নেই। এই রান করতেই যে লেগে গিয়েছিল ৯.৪ ওভার! দুটি করে চার-ছয় মারলেও তিলকরত্নে দিলশানের ৩২ এসেছে ৩৫ বলে। আগের দিনের সেঞ্চুরিয়ান আশরাফুলের ২০ রান ৩১ বলে। স্বচ্ছন্দ মনে হচ্ছিল কেবল এনামুল হককে। তবে ১৭ বলে ২৩ করে তিনি ফিরেছেন আলাউদ্দিনের স্লোয়ারে। এনামুলের বিদায়েই ঢাকার ভয়াবহ ধস শুরু, ১৫ ওভারে ৩ উইকেটে ৯৪ রান করা দল শেষ ৭ উইকেট হারায় ২০ রানের মধ্যে।সংক্ষিপ্ত স্কোরঢাকা গ্ল্যাডিয়েটরস: ১৯.২ ওভারে ১১৪ (দিলশান ৩২, আশরাফুল ২০, সাকিব ৮, এনামুল ২৩, স্টিভেন্স ১০, কব ৫, লিটন ১, টমাস ৬, মাহবুবুল ৬, লিডল ০, মোশাররফ ০*; মেহমুদ ৩/৭, আলাউদ্দিন ৩/২৪, হামিদ ১/১৪, সানি ১/৩৯)। বরিশাল বার্নার্স: ১৩.৩ ওভারে ১১৭/৩ (ডেনলি ১৩, হজ ৭০*, শুভাগত ২, মেহমুদ ২, সাব্বির ২৫*; সাকিব ১/১৮, টমাস ১/৩৪, মোশাররফ ১/৩৪)। ফল: বরিশাল বার্নার্স ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ব্র্যাড হজ।